নব্য নাৎসিবাদের উত্থানে অবশেষে সচকিত জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০ বছর ধরে জার্মানিতে থাকেন মোজাম্বিকে জন্ম নেওয়া ইব্রাহিমো আলবার্তো। দেশটিতে ঢুকেছিলেন সেই জার্মানি দুই ভাগ থাকাকালে। পূর্ব জার্মানিতে থাকতে বহুদিন তাঁর কোনো সমস্যা হয়নি। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে ক্রমবর্ধমানভাবে মাথাচাড়া দিয়ে ওঠা বর্ণবাদ তাঁকে বাড়িঘর ছেড়ে দেশের অন্য অংশে পাড়ি দিতে বাধ্য করেছে।নব্য নাৎসিদের বর্ণবাদী আচরণের মুখে কুলোতে না পেরে গত গ্রীষ্মে চাকরি ছেড়ে দিয়ে সপরিবারে পশ্চিম জার্মানিতে পাড়ি জমান ইব্রাহিমো। বর্ণবাদ অবশ্য বেড়ে চলেছে জার্মানির দুই অংশেই। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে, কর্তৃপক্ষের মধ্যে নড়ে চড়ে বসার লক্ষণ দেখা যাচ্ছে।ইব্রাহিমো সর্বশেষ ধাক্কাটা খেয়েছিলেন যখন তাঁর ছেলেকে ফুটবল খেলার মাঠে প্রতিপক্ষের একজন চেঁচিয়ে বলে, ‘নিগ্রো শুওর, আমি তোকে পিটিয়ে মারব।’ ‘নিগ্রো’ শব্দটি এখন গালি হিসেবেই দেখা হয়। ইংরেজিভাষী সমাজে কৃষ্ণাঙ্গ বোঝাতে সাধারণত বলা হয় ‘ব্ল্যাক’।পশ্চিম জার্মানির কার্লশ্রুতে চলে আসার পর জার্মান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমো বলেছেন, পরিস্থিতি ক্রমেই অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। তাঁঁর এক সহকর্মী বলেছেন, বর্ণবাদী এসব ঘটনা দেখে দেখে তিনি এখন এতটাই ভীত যে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও ভয় পান।এভাবেই দৈনন্দিন জীবনের বর্ণবাদ জার্মানিতে উগ্র ডানপন্থার উর্বর ভূমিতে পরিণত হচ্ছে। জন্ম দিচ্ছে নব্য নাৎসিবাদ, যার অনিবার্য ফল সহিংস হামলা। চলতি মাসে ‘ন্যাশনাল সোশ্যালিস্ট আন্ডারগ্রাউন্ড’ নামের একটি সংগঠনের অন্তত তিনজন কট্টর নাৎসিবাদী চিহ্নিত হওয়ার পর বিষয়টি এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তদন্তকারীদের বিশ্বাস, এরাই আটজন তুর্কি, একজন গ্রিক এবং একজন জার্মান নারী পুলিশকে হত্যার ঘটনায় জড়িত।তদন্তকারীরা ২০০৪ সালে কোলনে বোমা হামলাসহ অন্যান্য সহিংস ঘটনায় নব্য নাৎসিবাদীদের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। ১৯৯৮ সালের পর থেকে এ পর্যন্ত অনেক অমীমাংসিত সহিংস ঘটনার সঙ্গে এদের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে সেই সব মামলার নতুন তদন্ত শুরু হয়েছে। রয়টার্স।