নভেম্বরে নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ব্যাংককের সরকারবিরোধী বিক্ষোভকারীরা একটি সমঝোতা মেনে নিলে তিনি নভেম্বরে নির্বাচন দিতে প্রস্তুত আছেন। গতকাল সোমবার একটি টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা পাঁচ দফা এক পরিকল্পনা ঘোষণা করে বিক্ষোভের সময়কার সহিংসতার তদন্তের কথাও উল্লেখ করেন। বিবিসি ও এএফপি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতীয় সমঝোতা অর্জনে বেশি সময় প্রয়োজন হবে না। আর এই সমঝোতা অর্জনের পর সরকার ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত। আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে এটাই সবচেয়ে ভালো সমাধান।’ প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ দফা পরিকল্পনায় রয়েছে—রাজতন্ত্রের প্রতি সম্মান দেখানো, বৃহত্তর সামাজিক সমতা, নিরপেক্ষ গণমাধ্যম, চলমান রাজনৈতিক সংকটের স্বাধীন তদন্ত এবং সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা প্রশ্নে বিতর্কের সূচনা করা।সংকট নিরসনে রোডম্যাপ তৈরি: এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা গতকাল সোমবার বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য তিনি একটি ‘রোডম্যাপ’ তৈরি করছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে।এদিকে রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে সরে না গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর হুমকি সত্ত্বেও গতকাল লাল শার্ট পরা বিক্ষোভকারীরা অনড় অবস্থানে ছিলেন। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা ঘিরে বানানো বিক্ষোভ শিবিরে গতকালও তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। গত রোববার টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিক্ষোভকারীরা বাণিজ্যিক এলাকা না ছাড়লে সরকার যে পদক্ষেপ নিতে বাধ্য হবে তাতে সংঘাত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। কিন্তু তারপরও সরকারকে কঠিন পথ বেছে নিতে হবে।সংবাদমাধ্যমগুলো বলেছে, প্রধানমন্ত্রী ‘ক্ষয়ক্ষতি’ বলতে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তবে তাঁর এ ঘোষণায় গতকালও বিক্ষোভকারীদের মধ্যে বিচলিত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। তাঁরা আগের মতোই বিক্ষোভ করেছেন।এ দিকে অনেক দিন ধরে বাণিজ্য এলাকায় স্বাভাবিক লেনদেন না হওয়ায় এবং পর্যটকদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় রাজধানী প্রায় অচল হয়ে পড়েছে।