নভেম্বরে ভারতের সংসদে ভাষণ দেবেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাষ্ট্রীয় সফরে আগামী ৭ নভেম্বর ভারতে আসছেন। ক্ষমতা গ্রহণের পর ভারতে এটিই তাঁর প্রথম সফর। সফরকালে ৯ নভেম্বর ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ওবামা ভাষণ দেবেন। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেন্ট্রাল হলে আয়োজিত সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ওবামার ভাষণ দেওয়ার পরিকল্পনাটি লোকসভার স্পিকার মীরা কুমার ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারীকে অবহিত করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে এবারের সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে আনা হতে পারে। সাধারণত এই অধিবেশন ১৫ নভেম্বরের পরে শুরু হয়ে থাকে। তবে নিরাপত্তার স্বার্থে ওবামার সফরের অনেকটাই গোপন রাখা হয়েছে।২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ভারত সফর করেন। সে সময় বুশ পুরোনো কেল্লায় নাগরিক সমাজের সমাবেশে ভাষণ দেন। তবে ২০০০ সালে বিল ক্লিনটন ভারতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেন।