নয় মাসেই চূড়ান্ত মর্যাদা নিয়ে মতৈক্যের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলি ও ফিলিস্তিনি আলোচকেরা আগামী নয় মাসের মধ্যে ‘চূড়ান্ত মর্যাদার’ ব্যাপারে মতৈক্যে পৌঁছার চেষ্টা করবেন। ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে দুই দিনের আলোচনার পর গতকাল মঙ্গলবার এ আশাব্যঞ্জক খবরটি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা গত সোমবার আবার শুরু হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দিনের আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই সপ্তাহের মধ্যে আরেক দফা বৈঠক ইসরায়েলি বা ফিলিস্তিনি ভূখণ্ডে অনুষ্ঠিত হবে। কেরি বলেন, এ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনার বিষয়বস্তুর মধ্যে ‘সব ইস্যুই’ থাকবে। ফিলিস্তিনি শীর্ষ আলোচক সায়েব এরেকাত এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ইসরায়েলের প্রতিনিধি দেশটির বিচারমন্ত্রী সিপি লিভনি ও ফিলিস্তিনের প্রতিনিধি সায়েব এরেকাতের সঙ্গে সাক্ষাৎ করেন।সোমবার বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হলে মধ্যস্থতা করেন জন কেরি। শান্তি আলোচনা পরে দ্বিতীয় দিনে গড়ায়।আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করছেন সিপি লিভনি। আর ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে রয়েছেন সায়েব এরেকাত। মার্কিন প্রেসিডেন্ট এই সমঝোতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আলোচনা সফল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনার পরিবেশ ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন লিভনি। তিনি বলেন, আলোচিত বিষয়বস্তু আপাতত বাইরে প্রকাশ না করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের আগ্রহে শুরু হয়নি; বরং উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। তবে ইসরায়েলে জোট সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়তো আলোচনায় বাধা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলে দায়িত্ব পালনকারী সাবেক রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক। বর্ষীয়ান এই কূটনীতিক ২০০০ সালের আলোচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা আবার শুরু করার লক্ষ্য নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত পাঁচ মাসে ছয়বার মধ্যপ্রাচ্য সফর করেন। এএফপি ও বিবিসি।