নয়াদিল্লির সঙ্গে গঠনমূলক আলোচনায় অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তাঁর সরকার কাশ্মীরসহ সব বিরোধ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। বৈরী প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আশায় জনগণ তাঁকে ভোট দিয়েছেন বলেও তুরস্ক সফরকালে উল্লেখ করেছেন শরিফ।
গতকাল মঙ্গলবার তুরস্কের মিডিয়া নেটওয়ার্ক নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের চলমান সংকট নিরসনে নয়াদিল্লির স েটেকসই ও গঠনমূলক আলোচনায় বসার ব্যাপারে তিনি অঙ্গীকারবদ্ধ। এর মধ্যে জম্মু ও কাশ্মীর সংকট অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। নেওয়াজ শরিফ তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক গিয়েছেন।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) মোতায়েন ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে শরিফ বলেন, তাঁর সরকার সংযম ও দায়িত্বের সঙ্গেই এ পরিস্থিতি মোকাবিলা করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে যাচ্ছে। এতে বিশেষ করে প্রতিবেশী দেশসহ অন্য দেশগুলোর সঙ্গে স্থিতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাকিস্তানের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই নীতি গ্রহণ করছে তাঁর সরকার।
নওয়াজ শরিফ বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি বরাবরই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়ে আসছি। এ জন্যই জম্মু ও কাশ্মীরসহ সব সমস্যা নিয়ে দেশটির সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনায় বসার ব্যাপারে আমার সরকার আগ্রহী।’
নওয়াজ আরও বলেন, ১৯৯৯ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির লাহোর সফরের সময় এই প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি। তখন কাশ্মীর সমস্যা সমাধানে দুই দেশ কাছাকাছি পৌঁছেছিল।
গতকাল নওয়াজ শরিফের বরাত দিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়, সম্প্রতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা সৃষ্টি হওয়ার ঘটনায় ইসলামাবাদ উদ্বিগ্ন। তবে সংযম ও দায়িত্বের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করবে পাকিস্তান।
পাকিস্তানের তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে শরিফ বলেন, যারা সন্ত্রাসবাদ ত্যাগে রাজি তাঁর সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, সন্ত্রাসবাদ বন্ধের অনেক উপায় আছে। এর সর্বশেষ উপায় হলো, অতিরিক্ত বল প্রয়োগ করা। টাইমস অব ইন্ডিয়া।