নরওয়েতে ব্রেইভিকের হামলার প্রথম বার্ষিকী আজ
নরওয়েতে ভয়াবহ সেই জোড়া হামলার প্রথম বার্ষিকী আজ। গত বছরের ২২ জুলাই দেশটির রাজধানী অসলোতে বোমা হামলা এবং তারপর উটোয়া দ্বীপে গুলি করে মোট ৭৭ জনকে হত্যা করেছিলেন অ্যান্ডারস বেরিং ব্রেইভিক।ব্রেইভিককে উগ্র ডানপন্থী মতবাদে বিশ্বাসী বলে মনে করা হয়। ব্রেইভিক সেদিন অসলোতে সরকারি কয়েকটি ভবন লক্ষ্য করে গাড়িবোমার বিস্ফোরণ ঘটান। এতে আট ব্যক্তির প্রাণহানি ঘটে। এরপর তিনি উটোয়া দ্বীপে গিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। ওই দ্বীপে তখন দেশটির লেবার পার্টির ইয়ুথ ওয়ার্কার্স লিগের একটি অনুষ্ঠান চলছিল। সেখানে ব্রেইভিকের গুলিতে নিহত হন ৬৯ জন। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন বয়সে তরুণ। গত কয়েক দশকে বিশ্ব যেসব জঘন্য সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করেছে, তার মধ্যে এটাকে অন্যতম বলে ভাবা হয়।ওই ঘটনায় দেশের মূল্যবোধ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গ। ওই হামলায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে নিয়েছিলেন ব্রেইভিক। চলতি বছরের ১৬ এপ্রিল তাঁর বিচার শুরু হয়। মামলার যুক্তি-তর্ক উপস্থাপন গত ২২ জুন শেষ হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যেই আদালত রায় দেওয়ার পরিকল্পনা করেছেন। বিবিসি।