নরিয়েগাকে পানামায় ফেরত পাঠাচ্ছে ফ্রান্স
পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে (৭৭) আগামী রোববার দেশে ফেরত পাঠাবে ফ্রান্স। নিজ দেশে দণ্ড ভোগ করার জন্য তাঁকে ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার পানামার পররাষ্ট্রমন্ত্রী রবার্তো হেনরিকুয়েজ এ কথা জানিয়েছেন।খুদে ব্লগ লেখার সাইট টুইটারের একটি পোস্টে রবার্তো হেনরিকুয়েজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক মিত্র নরিয়েগা রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইবেরিয়ার একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন। পানামার গোয়েন্দা সংস্থার দীর্ঘদিনের প্রধান নরিয়েগা ১৯৮৩ সালে দেশটির সামরিক শাসক হন। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে উৎখাত হওয়ার আগ পর্যন্ত তিনি দেশটি শাসন করেছেন।নরিয়েগাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি ও তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য পানামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশ ও চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল গত সপ্তাহ থেকে ফ্রান্সে অবস্থান করছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর নরিয়েগা মাদক চোরাচালানের অভিযোগে যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি কারাগারে ২১ বছর সাজা ভোগ করেন। পরে তাঁকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়। সেখানে একটি মাদক চক্রের জন্য অর্থ পাচারের অভিযোগে নরিয়েগাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মারটিনেলি বলেন, বিরোধী দলের তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগে নরিয়েগাকে ২০ বছর করে তিন মেয়াদে কারাভোগ করতে হবে। পানামার কেবিনেট প্রধান রোক্সানা মেনদেজ বলেছেন, ফেরার পর নরিয়েগাকে এল রেনেসার কারাগারে পাঠানো হবে। পানামায় ৭০ বছর বা এর চেয়ে বেশি বয়সের মানুষকে নিজেদের বাড়িতেই সাজা ভোগ করার অনুমতি দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে নরিয়েগার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। নরিয়েগা কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করে তাঁর আইনজীবী আশা করছেন, নরিয়েগার দুর্বল স্বাস্থ্যের বিষয়টি পানামার বিচার বিভাগ বিবেচনায় নেবে। এএফপি।