নরেন্দ্র মোদির শপথ আজ, অতিথি চার হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

আগে ঠিক ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তত তিন হাজার আমন্ত্রিত হবেন। এখন এই শেষবেলায় দেখা যাচ্ছে, সংখ্যাটা সম্ভবত চার হাজারে পৌঁছাবে। সংসদীয় ভারতের ইতিহাসে এত মানুষ এর আগে কখনো কোনো প্রধানমন্ত্রীকে শপথ নিতে দেখেননি।
রাষ্ট্রপতি ভবনের সামনে প্রশস্ত আঙিনায় এর আগে আরও দুজন প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন। চন্দ্রশেখর ও অটল বিহারি বাজপেয়ি। কিন্তু কখনো এভাবে প্রতিবেশীরা আমন্ত্রিত হননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেন আবদুল গাইয়ুম, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম (মরিশাস সার্ক সদস্য নয়, তবে পর্যবেক্ষক দেশ) যোগ দিচ্ছেন শপথ অনুষ্ঠানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকায় পাঠিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। গতকাল রোববার দুপুরে তিনি দিল্লি পৌঁছেছেন।
ভাবী প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সবাই যে উদ্বাহু হয়ে সমস্বরে বাহ বাহ করছেন তা নয়। সমালোচনা ও বিতর্ক চলছে পাশাপাশি। দেশে এবং বিদেশে। নওয়াজ শরিফ অনেক ভেবেচিন্তে সেনাপ্রধানকে বুঝিয়ে আসছেন ঠিকই, কিন্তু তাঁর দেশের কট্টরপন্থী সংগঠন জামায়াত উদ দাওয়া ইতিমধ্যেই তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। আর শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোয় ভারতের তামিলনাড়ুর সব রাজনৈতিক দলই খড়্গহস্ত। রাজ্যের টিভিগুলো জানিয়েছে, মুখ্যমন্ত্রী জয়ললিতা নিজে তো আসছেনই না, সরকার বা দলের কোনো প্রতিনিধিও নাকি পাঠাচ্ছেন না৷ গোলাপের কাঁটার মতো এই রকমই খচখচ করছে কিছু মুখ্যমন্ত্রীর না আসার সিদ্ধান্ত। জয়ললিতা ছাড়াও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার ওমেন চণ্ডি অথবা কর্ণাটকের সিদ্ধারামাইয়া আসছেন না। অবশ্য মনমোহন সিং, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী উপস্থিত থাকছেন।
অনিশ্চয়তা আছে মোদির স্ত্রী যশোদাবেনকে নিয়ে। গুজরাটের স্থানীয় টিভিকে তিনি বলেছেন, নিয়ে গেলে অবশ্যই যাবেন। যোগাযোগ না থাকলেও স্বামী যে শেষ পর্যন্ত তাঁকে স্বীকৃতি দিয়েছেন তাতেই তিনি কৃতজ্ঞ।
তিনি সব সময় স্বামীর মঙ্গল কামনা করেন। স্ত্রীর আসা না-আসার মতো সংশয় রয়েছে মোদির অশীতিপর মা হীরাবেনকে নিয়েও। মোদির ভাইয়েরা পরিবার নিয়ে আসবেন শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও অতিথিদের সঙ্গেই মোদির পরিবারের সদস্যরা বসবেন। ভাবী প্রধানমন্ত্রী নিজের পরিবারের জন্য ২০টা পাস নিয়েছেন। আসছেন বাদোদরার মোদির প্রার্থী-পদের জন্য অন্যতম প্রস্তাবক সেই চা-বিক্রেতা কিরণ মাহিদা। এই মহূর্তে তিনি ভিআইপি।
কিন্তু সবচেয়ে বড় উৎকণ্ঠা মন্ত্রিসভায় কারা আসছেন, কে কোন দপ্তর পাচ্ছেন ও মন্ত্রিসভার বহর কী হচ্ছে তা নিয়ে। রোববার সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনকে এই তথ্য জানানো হয়নি। আজ সোমবার দুপুর নাগাদ তা চূড়ান্ত হবে। যাঁরা মন্ত্রী হবেন তাঁদের বসার বন্দোবস্ত রাষ্ট্রপতি ভবনকে করতে হবে। যতজন মন্ত্রী, ততগুলোই চেয়ার। একটাও কম নয়, একটাও বেশি নয়।
আজ সন্ধ্যা ছটায় অনুষ্ঠান শুরু হচ্ছে। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিদেশি রাষ্ট্রনায়কদের সম্মানে নৈশভোজ দেবেন। পরের দিন মঙ্গলবার সকাল থেকে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী রাষ্ট্রনায়কদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। প্রত্যেকের জন্য বরাদ্দ আধা ঘণ্টা।
রাষ্ট্রপতি ভবনে যাওয়ার সব রাস্তা গতকাল থেকেই সাধারণের জন্য বন্ধ। আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে। প্রত্যেক বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের সময় নিরাপত্তা ব্যবস্থার যে ধরনের বন্দোবস্ত হয়, আজও সে রকমই থাকছে। আকাশপথে রাষ্ট্রপতি ভবন ঘিরে দুই কিলোমিটার থাকছে ‘নো ফ্লাই জোন’। অনাকাঙ্ক্ষিত ফোন কল ঠেকাতে গোটা চত্বর থাকবে জ্যামারের আওতায়। বিকেল-সন্ধ্যায় আচমকা ঝড়-বৃষ্টি যদি হয়? প্রকৃতির খামখেয়ালিপনার হাত থেকে বাঁচতে মোরাম বিছানো উন্মুক্ত আঙিনায় আমন্ত্রিত অভ্যাগতদের মাথার ওপর পানিরোধক শামিয়ানা খাটানো হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে।
এই দিনটাকে দুর্দান্তভাবে উদ্যাপন করতে চাইছে বিজেপি। রাজধানীর অন্তত ২০টি জায়গায় বিশাল পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি সম্প্রচারের ব্যবস্থা করছে। শহরকে সাজানো হচ্ছে আলোয়। ৩০ বছর পর কোনো দল একার শক্তিতে কেন্দ্রে ক্ষমতায় এল, তাও সেটা আবার অ-কংগ্রেসি দল, সেই দলের প্রধানমন্ত্রীর শপথ, দিনটাকে ঐতিহাসিক করে রাখার প্রচেষ্টায় কোনো খামতি রাখতে বিজেপি রাজি নয়।