নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ বলে উল্লেখ করার পরদিন গতকাল সোমবার তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তা না হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে হুমকি দিয়েছে দলটি।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, ‘মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা একটি ছবির দাম নিয়ে প্রশ্ন তুলে শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে গেছেন। এ জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।’
পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীর নির্বাচনী জনসভায় গত রোববার নরেন্দ্র মোদি বক্তৃতা করেন। এ সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, বিজেপি ক্ষমতায় যাওয়ার পর পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা কাণ্ডের সঠিক তদন্ত করবে। দোষীদের কাউকে ছাড়া হবে না।
মোদি বলেন, ‘মমতা ভীষণ লোভী, বামপন্থীদের পথে হাঁটছে। তাই কংগ্রেস, বাম ও তৃণমূল—এই চক্রের বাইরে যেতে হবে বাংলাকে। আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের স্বরাজ দেব।’ সভায় মোদি প্রশ্ন করেন, মমতার আঁকা একটি ছবি এক কোটি ৮০ লাখ রুপিতে কেনা হলো কেন? তিনি মমতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ছবির দাম চার লাখ, আট লাখ বা ১৫ লাখ হতে পারত। কিন্তু এক কোটি ৮০ লাখ রুপি হবে কোন যুক্তিতে?’ বামপন্থীরা বিগত ৩৪ বছরে যা করেছে, মমতা মাত্র ৩৫ মাসেই তা ছাড়িয়ে গেছেন।
মোদির এই বক্তব্যের পর তৃণমূলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুকুল রায় গতকাল সকালে কলকাতায় সংবাদ সম্মেলন করে মোদিকে একহাত নেন। তিনি বলেন, যাঁর হাত গুজরাটের রক্তে লাল হয়ে আছে, ২০০২ সালের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার যিনি নায়ক, যিনি গোটা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, সেই ব্যক্তি কীভাবে দেশ চালাবেন?
বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতাদের আক্রমণ-পাল্টা আক্রমণের জবাবে বিজেপির নেতা অরুণ জেটলি বলেন, ‘তৃণমূলের সমালোচনা হতেই পারে। দলটির নেতাদের তা মানতে হবে।’