নরেন্দ্র মোদিকে এবার অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ
যুক্তরাজ্যের পর এবার অস্ট্রেলিয়া আমন্ত্রণ জানাল ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপির বিতর্কিত নেতা নরেন্দ্র মোদিকে। গুজরাট রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার প্যাট্রিক সাকলিং নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালে তাঁকে অস্ট্রেলিয়া যাওয়ার আমন্ত্রণ জানান।সাকলিং মোদিকে বলেন, গুজরাটকে ১০ বছর ধরে তাঁরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন।গত সপ্তাহে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা ও ‘লেবার ফ্রেন্ডস অব ইন্ডিয়া’ সংগঠনের চেয়ারম্যান ব্যারি গার্ডিনার নরেন্দ্র মোদিকে ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানান।অপর দিকে, মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিটির ভাইস চেয়ারওম্যান ক্যাটরিনা ল্যানটোস সোয়েট গত শুক্রবার ওয়াশিংটনে বলেন, গুজরাটের দাঙ্গার ‘ভয়ংকর ঘটনায়’ মোদির ভূমিকার কারণে তাঁকে ভিসা দেওয়া হবে না। পিটিআই।