নরেন্দ্র মোদির কথার আইনি ভিত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় এলেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ফেরত যেতে বাধ্য করবেন বলে বিজেপির নেতা নরেন্দ্র মোদি যে হুমকি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিয়ে গেছেন, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী কংগ্রেস ও বাম নেতারা সবাই মোদিকে বিভেদকামী বলে তীব্র সমালোচনা করছেন। অন্যদিকে দেশের সংবিধান বিশেষজ্ঞ ও মানবাধিকার-কর্মীদের দাবি, মোদির এসব বক্তব্যের কোনো আইনগত ভিত্তি নেই। 
কিন্তু মোদি যেহেতু বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং তাঁর এই বক্তব্যের সঙ্গে তাঁর দলের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই, তাই বিষয়টিকে হালকাভাবে কেউই নিচ্ছেন না। বিজেপির নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গে এসে মোদি বলেন, আগে বামপন্থীরা এবং এখন তৃণমূল কংগ্রেস সরকারে থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এখানে বসবাসের সুযোগ করে দিচ্ছে। ভোটের স্বার্থেই তাঁরা এটা করছে। 
মোদি দাবি করেন, যাঁরা বাংলাদেশ থেকে আসছেন, তাঁদের দুই শ্রেণীতে ভাগ করা দরকার। যাঁরা বাংলাদেশে সংখ্যালঘু সমপ্রদায়ের মানুষ, তাঁরা শরণার্থী। তাঁরা ভারতে স্বাগত। রাষ্ট্র তাঁদের থাকার ব্যবস্থা করবে। কিন্তু যাঁরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সমপ্রদায়ের মানুষ, তাঁরা অনুপ্রবেশকারী। তাঁদের ফেরত পাঠাতেই হবে। এ কথা মোদি শুধু একবার বলেননি। কৃষ্ণনগর, বারাসাত, আসানসোল ও কলকাতা সব জনসভায় তিনি বারবার এ কথা বলেছেন। সেই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন, একাত্তরের পর যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা যেন বাক্স-বিছানা গুছিয়ে রাখেন। ভোটের পরে তাঁদের ফিরে যেতে হবে।
কিন্তু মোদির এসব কথা ও হুমকির কি সত্যিই কোনো আইনী ভিত্তি আছে? ভারতীয় সংবিধান কি সত্যিই এভাবে শরণার্থীদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কে আশ্রয় পাবেন, আর কে পাবেন না, তা ঠিক করার অধিকার রাষ্ট্রকে দিয়েছে? কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সাফ কথা, মোদির বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই। ভারতের সংবিধান ও দেশের নাগরিকত্ব আইন এ রকম কোনো মাপকাঠির কথা বলেনি। 
শরণার্থী সমস্যা নিয়ে কর্মরত গবেষণা প্রতিষ্ঠান ক্যালকাটা রিসার্চ গ্রুপের সদস্য ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিবাজি প্রতিম বসু মনে করেন, মোদি এসব কথা বলে দেশ ভাগের আগের সময়ের রাজনৈতিক বিবাদকেই খুঁচিয়ে দিচ্ছেন।
শরণার্থী সমস্যা নিয়ে গবেষণারত অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অনুসূয়া বসু রায়চৌধুরী মনে করেন, শরণার্থী, বহিরাগত ও অনুপ্রবেশকারীদের হিসাবে একেকটা তকমা লাগিয়ে এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত শুধু কাঁটাতারের বেড়া দিয়ে দিলেই সমস্যা মিটবে না। সীমান্তের দুই পাড়ের মানুষের ভাষাগত, সংস্কৃতিগত যে অভিন্ন সামাজিক পরিচয় রয়েছে, তা কাঁটাতারের বেড়া দিয়ে আড়াল করা অসম্ভব।
অরুণাভ ঘোষ মনে করিয়ে দেন, দেশের নাগরিকত্ব আইন, ১৯৫৫ পরে তিনবার সংশোধিত (১৯৮৫, ২০০৩ এবং ২০০৯) হলেও কোথাও ধর্মীয় পরিচয়ের মাপকাঠি যোগ করা হয়নি। বরং স্পষ্টই বলা হয়েছে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারির পর এবং ১৯৯২ সালের ১০ ডিসেম্বরের আগে ভারতের বাইরে কোথাও কোনো ব্যক্তির জন্ম হলেও তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী, যদি তাঁর জন্মের সময় তাঁর বাবা ভারতীয় নাগরিক থেকে থাকেন। এ ছাড়া যদি ভারতীয় বংশোদ্ভূত কেউ ভারতে সাত বছর বসবাস করার পরে নাগরিকত্ব চেয়ে আবেদন করেন, তাহলে তিনি নাগরিকত্ব পেতে পারেন। কিন্তু শরণার্থীদের ক্ষেত্রেও দেশের কোনো আইনে মোদির দেওয়া মাপকাঠির উল্লেখ নেই।
অনুসূয়া বসু রায়চৌধুরী জানান, ভারত সরকারের শরণার্থীসংক্রান্ত নির্দেশনায় (রিফিউজি ম্যানুয়াল) পুরোনো ও নতুন—এ দুই ধরনের শরণার্থীর কথা উল্লেখ করা হয়েছে। পুরোনো বলতে ১৯৪৬ সালে নোয়াখালী দাঙ্গার পর থেকে ১৯৫৮ পর্যন্ত যাঁরা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন। আর নতুন শরণার্থী হচ্ছেন ১৯৬৪ সালে কাশ্মীরের হজরতবাল মসজিদের কাণ্ডের পর থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা) পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন। 
সরকার তখন মনে করেছিল, তারপর এই সমস্যা আর থাকবে না। বাস্তবে কিন্তু তা হয়নি। কিন্তু সরকারের ওই পুরোনো ধারণার কারণেই পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের একাংশ এখনো নাগরিকত্ব পায়নি। উত্তর চব্বিশ পরগনা, নদীয়াসহ কয়েকটি জেলায় নমশূদ্র সম্প্রদায়ের এই মানুষেরা বহু সংখ্যায় বাস করেন। সম্প্রতি তাঁদের একজন নেতা মমতা সরকারের মন্ত্রী হয়েছেন এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের হয়েই বনগাঁ থেকে লোকসভায় প্রার্থী হয়েছেন। নরেন্দ্র মোদি ভোটের প্রচারে এই মতুয়া সম্প্রদায়ের মন জয়ের চেষ্টায় বলেছেন, যাঁরা ১৯৭১ সালের পর এসেছেন, তাঁদেরও তিনি নাগরিকত্ব দেবেন। কিন্তু অরুণাভ ঘোষ, বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীরা সাফ জানিয়েছেন, এভাবে একটি সম্প্রদায়ের জন্য নাগরিকত্ব ও অন্য সম্প্রদায়ের মানুষের জন্য গলাধাক্কা, এটা ভারতীয় সংবিধান অনুমোদন করে না।