নরেন্দ্র মোদির প্রথম চ্যালেঞ্জ খরা

সংসদে বিরোধীরা যৎসামান্য, তাই তাঁরা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথম বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চলেছে প্রকৃতি। গত সোমবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভাষণেও সরকারের এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করা রয়েছে। অবশ্য রাষ্ট্রপতি বলেছেন, সরকার সে জন্য প্রস্তুত।
এখনো আবহাওয়া দপ্তরের খবর যা, তাতে এবার ভারতে বর্ষা যথেষ্ট ভোগাবে। বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হবে। তীব্র তাপপ্রবাহ এবং ক্ষীণ বৃষ্টি—পশ্চিমা পরিভাষায় যাকে ‘এল নিনো’ বলা হয়, সেই হাল প্রায় নিশ্চিত। অথচ সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে মূল্যবৃদ্ধিকে। বিশেষ করে খাদ্যশস্যে অত্যধিক মূল্যবৃদ্ধি কমানো সরকারের প্রধান চিন্তা। খাদ্যের কালোবাজারি ও মজুতদারি রুখতেও সরকার বদ্ধপরিকর। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণেও সে কথা বলা হয়েছে। কিন্তু এল নিনো পরিস্থিতিতে কী করে তা সম্ভব, মোদি সরকারের সেটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান চিন্তা।
এর আগে মৌসম বিভাগ বলেছিল, এবারের বর্ষায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে ৯৬ শতাংশে দাঁড়াবে। বর্ষা যখন আসবে বলা হয়েছিল, এল তার এক সপ্তাহ পরে। কেরালায় বর্ষা এলেও তা ঝিমিয়ে পড়েছে। এ অবস্থায় দিল্লির মৌসম ভবন দেশের চারটি অঞ্চলে সম্ভাব্য বৃষ্টিপাতের যে হিসাব দিয়েছে, তা আগের হিসাবের তুলনায় আরও কম। সেই হিসাব অনুযায়ী, দেশের দক্ষিণে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুতে জুলাইয়ে বৃষ্টি হবে স্বাভাবিকের তুলনায় ৯৩ শতাংশ, অাগস্টে তা বেড়ে হবে ৯৬ শতাংশ। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশায় বৃষ্টি হবে ৯৪ শতাংশ। সবচেয়ে কম বৃষ্টি হবে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ও রাজস্থানে ৮৫ শতাংশ। মন্দের ভালো একমাত্র দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ। এই অঞ্চলে বৃষ্টি হবে ৯৯ শতাংশ। অর্থাৎ দেশের কোথাও স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি এবার হওয়ার সম্ভাবনা নেই।
মৌসম বিভাগের এই অনুমান বা পূর্বাভাস আগামী দিনে যে আরও খারাপ হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কৃষি মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে গতকাল মঙ্গলবার জানায়, সবচেয়ে খারাপ বৃষ্টি যে অঞ্চলে হবে, সেই উত্তরাংশ দেশের শস্যভান্ডার। এই এলাকায় সিঞ্চিত জমি সর্বাধিক। ফলে বৃষ্টির অভাবে চাষ সেভাবে মার খাবে না। কিন্তু অন্যত্র গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন কমবে।
সরকারি সূত্র অনুযায়ী, সরকারের কাছে এটাই বড় চ্যালেঞ্জ। যদিও আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। দেশের গুদামে যেখানে দুই কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য মজুত থাকার কথা, সেখানে এই মুহূর্তে মজুত রয়েছে ছয় কোটি ১০ লাখ টন। বহু রাজ্যে গুদামের অভাবে খোলা জায়গায় ত্রিপলে ঢেকে রাখা হয়েছে চাল ও গম।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ মূল্যবৃদ্ধি ঠেকানো ও কৃত্রিম অভাব বন্ধ করা। দুই চ্যালেঞ্জের মোকাবিলায় তিনি ব্যর্থ হতে চাইবেন না৷
মজুতের পরিমাণ যা, তাতে অনাবৃষ্টির দরুন উৎপাদন কম হলেও দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বলেই খাদ্য মন্ত্রণালয় দাবি করছে। মোদি সরকারের কাছে তাই বেশি চিন্তা রেশন দোকানগুলোতে সরবরাহ ঠিক রাখা, রেশনের পরিধি বৃদ্ধি এবং কালোবাজারি ও মজুতদারি রোখা।
খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এ বিষয়গুলো নিশ্চিত করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সজাগ করে দিয়েছেন। সারা দেশে সাড়ে ৫০০ জেলা রয়েছে, যেগুলোতে ভালো খাদ্যশস্য উৎপাদিত হয়। এগুলোর মধ্যে অন্তত ৫০০টি চিহ্নিত করা হচ্ছে, যাতে বিপর্যয় মোকাবিলা সহজতর হয়। অনাবৃষ্টির দরুন দেশে খরা হলে বিদ্যুতের চাহিদা অবধারিত বাড়বে। বিদ্যুৎ মন্ত্রণালয় এ সদস্যা মোকাবিলায় কয়লা ও রেল মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যেই কথা শুরু করেছে। তাপবিদ্যুৎকেন্দ্রগুলোকে এখন থেকেই কয়লা মজুতের ব্যবস্থা নিতে বলা হয়েছে৷