নরোদম সিহানুকের শেষকৃত্য সম্পন্ন
কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের শেষকৃত্য গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সাবেক এই রাজাকে শেষবারের মতো বিদায় জানাতে এদিন বিপুলসংখ্যক ভক্ত রাজধানী নমপেনে সমবেত হন। গত বছরের অক্টোবরে চীনের বেইজিংয়ে মারা যান সিহানুক। মরদেহ কম্বোডিয়ায় ফিরিয়ে আনার পর থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কয়েক মাস সংরক্ষণ করা হয়। প্রিয় রাজাকে চূড়ান্ত শ্রদ্ধা জানাতে গত শুক্রবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নমপেনে আসতে শুরু করেন ভক্তরা। সাদা ও কালো পোশাকে ভক্তরা নমপেনে শেষকৃত্য মঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার জন্য লাইন দেন। এ সময় অনেকের হাতেই ফুল ছিল। সিহানুকের মরদেহ দাহ করার জন্য নমপেনে ১৫তলা ভবনের সমান উঁচু একটি মঞ্চ তৈরি করা হয়। গতকাল সন্ধ্যায় সিহানুকের ছেলে ও বর্তমান রাজা নরোদম সিহামনির বাবার মরদেহে আগুন দেওয়ার কথা। এ সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ মার্ক এঁরো, জাপানের প্রিন্স আকিশিনোসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকেরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।সিহানুকের মরদেহের কিছু ভস্ম তিনটি প্রবহমান নদীতে ভাসিয়ে দেওয়া হবে এবং কিছু অংশ স্মৃতি হিসেবে রাজপ্রাসাদে সংরক্ষণ করা হবে। বিবিসি।