নর্দমা ঘেঁটে যেভাবে পাওয়া গেল সেই আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনাবশত হীরার আংটিটি হারিয়ে ফেলেছিলেন জোয়ান স্পিয়ার্স। অনেক চেষ্টা করেও সেটির কোনো খোঁজ পাননি। একপর্যায়ে স্বামীর দেওয়া মূল্যবান এ উপহারের আশাই ছেড়ে দিলেন। কিন্তু কাকতালীয়ভাবে সেই দুর্ঘটনাবশতই দুই বছর পর আংটিটি ফিরে পেলেন তিনি। ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।পত্রিকাটি জানায়, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারে কাউন্টির রক্ষণশীল নেতা স্পিয়ার্স দুই বছর আগে গ্যাটউইকের কাছে একটি হোটেলে উঠেছিলেন। সে সময় হোটেলের টয়লেটে আংটিটি পড়ে যায়। এটি খুঁজে বের করার জন্য একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। নর্দমায় বর্জ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানটিকে একটি ক্যামেরাও কিনে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি ১২ হাজার গ্যালন বর্জ্য পরীক্ষা করে, এমনকি ট্যাংকে কর্মী পাঠিয়েও ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু কাজ হয়নি, পাওয়া যায়নি আংটিটি। এরপর আংটিটির আশা ছেড়ে দেন স্পিয়ার্স।সম্প্রতি আরেকটি বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মী লয়েড হ্যাম্পশায়ার ওই হোটেলের পাশে নর্দমা দিয়ে পয়োনিষ্কাশনের সময় আংটিটির সন্ধান পান। তিনি এটি পরিষ্কার করে অফিসে জমা দেন। স্পিয়ার্সের স্বামী আংটিটি শনাক্ত করেছেন। তাঁর কাছে আংটিটির একটি ছবি ছিল। সেই ছবি মিলিয়ে এটি স্পিয়ার্সের বলে নিশ্চিত করা হয়। আংটিটি স্পিয়ার্সের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আংটিটি তিনি যত্ন করে নিরাপদ স্থানে রেখেছেন। অরেঞ্জ অনলাইন।