নলিনীর মুক্তির আবেদন নাকচ করেছে তামিলনাড়ু সরকার
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী শ্রীহরণের মুক্তির আবেদন নাকচ করে দিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার। মাদ্রাজ হাইকোর্টকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, নলিনীর মুক্তির বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল পি এস রমণ বলেন, ‘বেশ কিছু কারণে নলিনীর মুক্তির বিষয়টি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হতে পারে। এ জন্য আমরাও আদালতের কাছে সময় নেব।’এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এম করুণানিধি বলেন, নলিনীর মুক্তির বিষয়টি স্পর্শকাতর। এ ব্যাপারে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।এজন্য বেশ কিছুটা সময় লাগতে পারে। ভেলোর কেন্দ্রীয় কারাগারে বন্দী নলিনী মাদ্রাজ হাইকোর্টে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২০০৫ সালে তাঁর শাস্তির কারাভোগের ১৪ বছর পূর্ণ হয়েছে। কাউকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হলে বাধ্যতামূলক ১৪ বছর সাজা ভোগ করতে হয়। এর প্রেক্ষিতে তাঁকে মুক্তি দেওয়া হোক।১০ মার্চ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এলিপ ধর্ম রাও ও বিচারপতি কেকে শশীধরনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১১ মার্চের মধ্যে এ ব্যাপারে সরকারের প্রতিবেদন জমা দিতে বলেন।নলিনী রাজীব গান্ধীসহ ১৬ জনকে হত্যার দায়ে কারাভোগ করছেন। ১৯৯৮ সালে নলিনীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে রাজীব গান্ধীর স্ত্রী কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়। নলিনীর কন্যাশিশুর কথা বিবেচনা করে সোনিয়া গান্ধী তাঁর মৃতুদণ্ড মওকুফের আবেদন করেন। ১৯৯২ সালের জানুয়ারি মাসে কারাগারে নলিনীর ওই কন্যাশিশুর জন্ম হয়। টাইমস অব ইন্ডিয়া।