ভারতের বিরোধী দল বিজেপি নেতা নরেন্দ্র মোদির বৃহস্পতিবারের বিশাল রোড শো নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো যারপরনাই অখুশি। কংগ্রেস বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের পর্যন্ত করেছে। এর জবাবে বিজেপি বলেছে, কংগ্রেস নিজেরা পারছে না, তাই অন্যেরটাও সহ্য হচ্ছে না।
লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারানসি আসনে মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি সেখানে তিন ঘণ্টা ধরে দুই কিলোমিটার রাস্তাজুড়ে রোড শো করেন। তবে ওই দিন লোকসভার বেশ কটি আসনে ভোট ছিল। এমন একটা দিনে মোদির ওই রোড শো গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়, যা নির্বাচনী প্রচারণাসংক্রান্ত নিয়মের লঙ্ঘন বলে অভিযোগ তোলে কংগ্রেস।
এরপর বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের ওই অভিযোগের জবাব দেওয়া হয়েছে গতকাল শুক্রবার। দলটির মুখপাত্র প্রকাশ জবাদেকর বলেন, ‘মোদির শোভাযাত্রায় যা দেখানো হয়েছে, তাতে কংগ্রেস উদ্বিগ্ন হয়ে পড়েছে। নির্বাচন কমিশন তো ভোটের দিনে মনোনয়নপত্র দাখিল করা নিষিদ্ধ করেনি...তাহলে ওই শোভাযাত্রা নিয়ে সমস্যা কোথায়?’এনডিটিভি।