না পড়েই আলোকচিত্রীর চুক্তিতে সই, অজান্তে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়ে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনাম খান। ছবি: টুইটার থেকে নেওয়া
শবনাম খান। ছবি: টুইটার থেকে নেওয়া

ইমিগ্রেশন, ডেটিং সাইট, প্রসাধনী, খাবারের দোকান—নানা দেশে বিজ্ঞাপনে ব্যবহার হচ্ছে তাঁর ছবি। অথচ তিনি মডেল নন। এমনকি মডেল হিসেবে তিনি কোনো অর্থও পান না। তাঁর ছবি যে নানা জায়গায় ব্যবহৃত হচ্ছে, সেই খবরও তিনি জানতে পেরেছেন বন্ধুদের মারফতে, অনেক দেরিতে।

মডেল না হলেও যাঁর চেহারা নানা দেশের বিজ্ঞাপনে শোভা পাচ্ছে তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। নাম শবনাম খান। ফ্রিল্যান্স লেখালেখি করেন। তাঁর কাছ থেকেই জানা গেল, বিনা খরচায় ছবি প্রিন্ট করার সুবিধা নিয়ে এমন বিপাকে পড়েছেন তিনি। অন্যদের ব্যাপারে তাঁর এখন উপদেশ, পুরোপুরি না পড়ে কোনো কাগজে কেউ সই করতে যাবেন না ভুলেও। কিছু না পড়ে কোথাও সই না করার আহ্বান জানানো তাঁর টুইটার বার্তা সম্প্রতি ভাইরাল হয়েছে।

ইমিগ্রেশনের বিজ্ঞাপনে অন্যদের সঙ্গে ব্যবহার করা হয়েছে শবনামের ছবি। ছবি: টুইটার থেকে নেওয়া
ইমিগ্রেশনের বিজ্ঞাপনে অন্যদের সঙ্গে ব্যবহার করা হয়েছে শবনামের ছবি। ছবি: টুইটার থেকে নেওয়া

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শবনাম খানের মুখ চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ায় ম্যাকডোনাল্ডের খাবারে, ফরাসি এক ডেটিং ওয়েবসাইট, কম্বোডিয়ায় ট্রেকিংয়ের প্রচারে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা তাঁকে খাবারের দোকান ছাড়াও ব্যাংকের ব্রশিউর, চোখের ক্লিনিক ও প্রসাধনের বিজ্ঞাপনে দেখতে পাচ্ছেন। যেসব প্রসাধন নিজে কখনো ব্যবহার করেননি, সেসব প্রসাধনের পক্ষে তাঁকে সাফাই গাইতে দেখা যাচ্ছে বিজ্ঞাপনগুলোতে। অথচ তিনি কোনো আন্তর্জাতিক মডেল নন বা এমন সব বাণিজ্যিক পণ্যের প্রচারের জন্য তিনি কোনো অর্থও পান না। ডেটিং সাইটের ছবিতে তাঁর ছবির পাশে তিনি ‘স্বপ্নের রাজপুত্রের জন্য অপেক্ষা’ করে আছেন বলে লেখা হয়েছে।

ঘটনার শুরুটা বলতে গিয়ে শবনাম খান জানান, ছাত্রী থাকা অবস্থায় এক আলোকচিত্রীর কাছে তিনি ছবি তুলেছিলেন।

ফটোশুটের সময় তিনি বিনা মূল্যে ছবি প্রিন্টের সুবিধার বিনিময়ে একটি কাগজে না পড়েই অসতর্কভাবে সই করেন। ওই ছবিগুলোই এখন বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। ঘটনাটি ছয় বছর আগে প্রথম জানতে পারেন তিনি।

এই পণ্য ব্যবহার করে মুখের দাগ দূর হয়েছে বলে বিজ্ঞাপনে দেখানো হয়েছে শবনামকে। ছবি: টুইটার থেকে নেওয়া
এই পণ্য ব্যবহার করে মুখের দাগ দূর হয়েছে বলে বিজ্ঞাপনে দেখানো হয়েছে শবনামকে। ছবি: টুইটার থেকে নেওয়া

কানাডার একটি সংবাদপত্রে কানাডায় ইমিগ্রেশনের বিজ্ঞাপনে তাঁর ছবি দেখা গেছে জানিয়ে ২০১২ সালে ফেসবুকে তাঁকে সতর্ক করেন এক বন্ধু। এর আগ পর্যন্ত বিষয়টিতে তিনি গা করেননি। ভেবেছিলেন, তাঁর কয়েকটি ছবি নিয়ে চুক্তি করলে কী আর এমন হবে!
শবনাম বলেন, তিনি বেশ অবাক হয়েছিলেন। বিভ্রান্তও হয়েছিলেন। কেন ওই দূরদেশের এক পত্রিকায় তাঁর ছবি ছাপা হলো, বোধগম্য হয়নি তাঁর। অনলাইনে ছবিটি দেখে নিশ্চিত হন যে এটা তিনি-ই।
কয়েক বছরের মধ্যে তাঁর ছবি যত্রতত্র ব্যবহার হতে শুরু করে।
শবনাম বলেন, কয়েকটি দেশের বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার হচ্ছে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, উরুগুয়ে, কানাডা ও কেনিয়ায় তাঁর ছবি ব্যবহারের তথ্যপ্রমাণ পেয়েছেন তিনি।

তবে এত সব কাণ্ড ঘটালেন যে ব্যক্তি তিনি কী বললেন? শবনাম বলেন, এসব দেখে তিনি ওই আলোকচিত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

ফরাসি ডেটিং সাইটের বিজ্ঞাপনে শবনাম। ছবি: টুইটার থেকে নেওয়া
ফরাসি ডেটিং সাইটের বিজ্ঞাপনে শবনাম। ছবি: টুইটার থেকে নেওয়া

ওই আলোকচিত্রী সোজা তাঁর হাতে চুক্তিপত্র ধরিয়ে দিয়ে জানান, ছবি ব্যবহারে অনুমতি এই চুক্তিপত্রের মাধ্যমে তিনিই তাঁকে দিয়েছেন। ওই আলোকচিত্রী জানান, তিনি ছবিগুলো কয়েকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন। ছবিগুলো অনাকাঙ্ক্ষিত স্থানেও ব্যবহার হতে পারে বলে এখন আশঙ্কা প্রকাশ করছেন। তবে ওই আলোকচিত্রী তাঁকে এই বলে আশ্বস্ত করেছেন, ছবিগুলো তিনি নামিয়ে নেবেন।

শবনাম খান বলেন, আলোকচিত্রীর প্রতি তাঁর রাগ নেই। বরং বোকামির জন্য নিজেকেই দোষারোপ করছেন। ছোট্ট ওই চুক্তিপত্রটি না পড়ে সই করা ঠিক হয়নি তাঁর।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ওই ছবিগুলো আলোকচিত্রী নিজ পোর্টফোলিওতে ব্যবহার করবেন। সেটা ভেবে অনুমতি দিয়েছিলাম। কাগজে কী লেখা ছিল, পড়িনি। এটা নির্বোধের মতো কাজ হয়েছে।’

বিজ্ঞাপনের ধরন অনুযায়ী বিভিন্ন দেশে তাঁর পরিচয়ও বিভিন্নভাবে এসেছে। এ ব্যাপারে আলোকচিত্রীর কাছে শবনাম জানতে চাইলে তিনি বলেন, তাঁর ছবিতে বিভিন্ন নাম ব্যবহারের অনুমতিও তিনি ওই চুক্তিতে সই করার মাধ্যমে দিয়েছেন।

শবনাম জানান, একটা কথা ভেবে তিনি মর্মাহত হন, ক্রেতাদের সঙ্গে কীভাবে প্রতারণা করা হয়। বিজ্ঞাপনগুলো অনুসারে, তিনি যেসব পণ্য ব্যবহার করেননি, সেসব পণ্যের গুণগান গেয়ে তিনি অন্যদের কিনতে আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, সবচেয়ে বেদনদায়ক মনে হয়েছে, শিশুদের পড়ালেখা করানো ও যত্ন নেওয়ার বিজ্ঞাপনে তাঁর ছবির ব্যবহার। তাহলে ওই শিশুরা আসলে কার সঙ্গ পাচ্ছে? এমন প্রশ্ন মনে জাগে তাঁর। ডেটিং সাইটে প্রকৃত মানুষটির ছবি ছাপা হয়নি। ছাপা হয়েছে তাঁর ছবি। তাহলে দিন শেষে যিনি ডেটিংয়ে যান তিনি আসলে কার সঙ্গে দেখা করেন? এই প্রশ্নও মাথায় ঘুরে শবনামের।

তবে তাঁর ঘটনাটি দেখে সবাই শিক্ষা নেবেন এবং সচেতন হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।