নাইজেরিয়ায় গুলিতে ৪৪ মুসল্লি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। এতে ৪৪ জন মুসল্লি নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত রোববার ফজরের নামাজের সময় এ হামলা হয়। তবে এ-সংক্রান্ত তথ্য গতকাল সোমবার প্রকাশিত হয়।
হামলাকারীরা উগ্রপন্থী ইসলামি সংগঠন বোকো হারামের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি। এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
মসজিদে গুলির ঘটনায় ২৬ জন আহত হন বলে দেশটির একটি পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ার বর্তমান সরকারব্যবস্থার উত্খাত ঘটিয়ে উত্তরাঞ্চলে ইসলামি শরিয়া শাসন প্রতিষ্ঠা করতে চায় বোকো হারাম।