নাইজেরিয়ায় ফুটবল মাঠে বোমায় নিহত ৪০
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ফুটবল মাঠে বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আদমাওয়া রাজ্যের মুবি শহরে এ ঘটনা ঘটে। আজ সোমবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুবি শহরের একজন পুলিশ কর্মকর্তা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন স্থানীয় একটি ক্লাবের খেলা দেখে দর্শকেরা মাঠ ছাড়ছিলেন। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো খেলোয়াড় ছিলেন কি না, তা জানা যায়নি।
গত পাঁচ বছর ধরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নিষিদ্ধ ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের তত্পরতা বেড়েছে। এ কারণে ওই অঞ্চলের তিনটি শহরে এক বছর ধরে জরুরি অবস্থা চলছে। এর মধ্যে মুবি শহর একটি।
নাইজেরিয়ার সঙ্গে ক্যামেরুন সীমান্তের কয়েক কিলোমিটার দূরে মুবি শহর অবস্থিত। ওই এলাকা থেকে গত এপ্রিলে ইতালির দুই যাজক ও কানাডিয়ান এক নানকে অপহরণ করা হয়েছিল। ধারণা করা হয়, বোকো হারাম ওই অপহরণের সঙ্গে যুক্ত ছিল। গতকাল সকালেই তাঁরা মুক্তি পান।
গত ১৪ এপ্রিল বোর্নো রাজ্যের চিবোক থেকে দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে বোকো হারাম।