নাইজেরিয়ায় বিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় একটি সরকারি বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় ৪২ জন নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে দেশটির ইয়োব প্রদেশের পোতিস্কু শহরের মামুদোর সরকারি উচ্চবিদ্যালয়ে ওই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিক্ষার্থী। হাসপাতালের একজন চিকিৎসাকর্মী ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন।হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, পশ্চিমা শিক্ষার বিরোধী দেশটির জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে।পোতিস্কু জেনারেল হাসপাতালের কর্মকর্তা হালিরু আলিয়ু বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁরা হাসপাতালে ৪২টি লাশ পেয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। অধিকাংশ লাশের গায়ে গুলি ও আগুনে পোড়ার চিহ্ন আছে। পালিয়ে আসা শিক্ষার্থী ও কর্মকর্তাদের ররাত দিয়ে তিনি আরও বলেন, বন্দুকধারীরা শিক্ষার্থী ও কর্মকর্তাদের একটি হোস্টেলে একত্র করে তাঁদের লক্ষ্য করে বিস্ফোরক ও গুলি ছোড়ে। মামুদো পুতিস্কো থেকে পাঁচ কিলোমিটার দূরে। এটি ইয়োব প্রদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। কয়েক মাস ধরে এলাকাটিতে বোকো হারাম বেশ তৎপর। এএফপি, রয়টার্স।