নাইজেরিয়ায় ৫০ বোকো হারাম কর্মী নিহত

নাইজেরিয়ার সেনাবাহিনী আজ শনিবার জানিয়েছে, তারা ইসলামপন্থী বোকো হারাম বাহিনীর ৫০ জন কর্মীকে তাড়া করে হত্যা করেছে। কয়েক দিন আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে হানা দিয়ে বোকো হারামের কর্মীরা ২০ গ্রামবাসীকে হত্যা করেছিলেন। এরপর তাঁদের ধরতে অভিযান চালানো হয়।
মাইদুগুরি প্রদেশের রাজধানী বোরনোতে সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা সাংবাদিকদের বলেন, ‘সেনাসদস্যরা বোকো হারামের কর্মীদের ধরতে তাঁদের শিবির আক্রমণ করে। এ সময় বিমানবাহিনীরও সহায়তা নেওয়া হয়। বোকো হারাম-কর্মীদের সঙ্গে সেনাদের গোলাগুলিতে কমপক্ষে ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।’
সগির মুসা বলেন, ‘ওখানে আটক গ্রামবাসীদের উদ্ধার করা হয়েছে।’
বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। দেশটিতে এ ধরনের অনেক ছোট-বড় ইসলামি দল দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদের অন্তর্দ্বন্দ্বও প্রচুর।
বোরনোবাসী ও মানবাধিকার কর্মীরা বলছেন, দেশটির সেনাবাহিনী প্রায়ই তাদের সাফল্যের কথা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে। এ ধরনের সংঘাতে সেনাবাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, তা-ও কখনো প্রকাশ করা হয় না। সাধারণ মানুষের জানমাল হারানোর খবরও মেলে না।
গত এক মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বোকো হারামের সংঘাতে কমপক্ষে ১৬০ জন কর্মী মারা গেছেন। গত মে মাসে প্রেসিডেন্ট গুডলাক জোনাথান দেশটির উত্তরাঞ্চলের তিনটি প্রদেশে জরুরি অবস্থা জারির পর গত মাসের হতাহতই সবচেয়ে বড় ঘটনা।