নাইজেরিয়ার তিন রাজ্যে বড় সামরিক অভিযানের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলযোগপূর্ণ উত্তর-পূর্ব সীমান্তের তিনটি রাজ্যে জঙ্গি দমনে ‘বড়সড়’ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে নাইজেরিয়া। এর ঠিক আগেই দেশটির প্রেসিডেন্ট রাজ্য তিনটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। রাজ্যগুলোতে জঙ্গি ইসলামপন্থীদের তৎপরতা বন্ধে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে গত বুধবার জানায়, ওই সীমান্ত এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে ‘বড়সড়’ পরিসরে সেনাবহর পাঠানো হয়েছে। এ ছাড়া সেখানে যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এতে করে নাইজেরিয়া সেখানে তার নিজ ভূখণ্ডের ভেতরে বিমান হামলা চালাতে পারে বলে ভাবা হচ্ছে। প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের জরুরি অবস্থা জারির ঘোষণাটি গত মঙ্গলবার রাতে সম্প্রচারিত হয়। এতে তিনি প্রথমবারের মতো স্বীকার করেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের অংশবিশেষ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নিয়ন্ত্রণে চলে গেছে। রাজ্যটি বোকো হারাম গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট জোনাথন তাঁর ঘোষণায় বলেন, বোকো হারাম গোষ্ঠীর সহিংসতায় ২০০৯ সাল পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই গোষ্ঠীকে আর কেবল ‘জঙ্গি বা অপরাধী চক্র’ ভাবার সুযোগ নেই। বোকো হারামের সহিংসতা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল। নাইজেরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে সেনা অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসীদের ঘাঁটি উচ্ছেদ করতে নাইজেরীয় সশস্ত্র বাহিনী এই অভিযান শুরু করেছে। ‘দেশের আঞ্চলিক অখণ্ডতা জানান দেওয়া’ এবং ‘নিরাপত্তা সুসংহত করা’ এই অভিযানের উদ্দেশ্য। এই অভিযানের আওতায় বড় মাত্রায় সামরিক বাহিনীর ‘জনবল ও সরঞ্জাম’ মোতায়েন করা হবে। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রিল বেসামরিক নাগরিকদের অধিকার রক্ষা করতে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো নিপীড়নমূলক জবাব না দিতে নাইজেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। বোরনো রাজ্যের পাশাপাশি ইয়োব ও আদামাবা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে এই সেনা অভিযানের মূল মনোযোগ থাকবে বোরনো রাজ্যের ওপর। প্রতিবেশী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজারের সঙ্গে সীমান্ত রয়েছে রাজ্যটির। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় একটি ইসলামি রাষ্ট্র গঠনে লড়াইরত বোকো হারাম গোষ্ঠীর মূল ঘাঁটি বোরনো রাজ্যের রাজধানী মাইদিগুরিতে। তবে শহরটিতে সরকারি বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে প্রত্যন্ত সীমান্ত এলাকায় সরে যায় আল-কায়েদার মতাদর্শের অনুসারী বোকো হারামের যোদ্ধারা। এএফপি ও বিবিসি।