নাইজেরিয়ার সহিংসতায় নিহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার জামফারা প্রদেশের একটি গ্রামে গত মঙ্গলবার ভোরে একদল দুর্বৃত্তের হামলায় কমপক্ষে ৪৮ গ্রামবাসী প্রাণ হারিয়েছে।

এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, ভোর হওয়ার আগে দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে গ্রামের পাশে উপস্থিত হয়। একটি টিলার ওপরে ওঠে তারা গ্রামের বাড়িঘর লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এরপর নেমে এসে বাড়িতে বাড়িতে লুটপাট চালায়।

স্থানীয় কর্মকর্তারা বলেন, গ্রামবাসীদের সঙ্গে গরুচোরদের বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। গত বছরও গরুচোরেরা এ ধরনের হামলা চালিয়েছিল।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। বিশ্বের অন্যতম প্রধান তেল-উত্পাদক রাষ্ট্রটিতে গত কয়েক দশকে ইসলামি জঙ্গিদের উত্থান ঘটেছে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবারের হামলার সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই।

জামফারা প্রাদেশিক সরকারের মুখপাত্র ইবরাহিম বিরনিন-মাগাজি বলেন, ‘মঙ্গলবার ভোরে সশস্ত্র ডাকাতদের হামলায় কিজারা গ্রামের ৪৮ জন মানুষ নিহত হয়েছেন। বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে গরুচোরেরা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।’

ইবরাহিম বলেন, হামলায় গ্রামপ্রধান, বড় ইমাম ও প্রধান চৌকিদার মারা গেছেন। তিনি আরও বলেন, ‘হামলা করার পর চোরেরা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে চৌকিদারদের খুঁজতে থাকে। সে সময় তারা বলেছিল, চৌকিদারেরা তাদের বিরক্ত করছে।’