নাইজেরিয়ার কানো শহরে কারফিউ শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরে কারফিউ শিথিল করা হয়েছে। ২৪ ঘণ্টার পরিবর্তে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এ আইন বলবদ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্য সরকারের মুখপাত্র ফারুক জাব্রিল গতকাল রোববার এ তথ্য জানান।গত শুক্রবার সন্ধ্যায় দেশটির মুসলিম-অধ্যুষিত এই কানো শহরে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে সমন্বিত বোমা হামলা ও বন্দুকযুদ্ধে সেনাসদস্য, পুলিশ, গণমাধ্যমকর্মী ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন। দিনের বেলা কারফিউ প্রত্যাহার করা হলেও গতকাল সকাল থেকে শহরের রাস্তাগুলো ছিল প্রায় ফাঁকা, জনশূন্য। আবারও অনাকাঙ্ক্ষিত হামলা প্রতিহত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা ও পুলিশ টহল দেয়।ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, তাদের বন্দী সদস্যের মুক্তির দাবি সরকার প্রত্যাখ্যান করায় এর প্রতিবাদে ওই হামলা চালানো হয়েছে। পুলিশ জানায়, ওই দিন শহরে অন্তত ২০টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী আঞ্চলিক পুলিশ কার্যালয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। রাজ্যের পুলিশ সদর দপ্তরের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে কারফিউ জারি করা হয়। এএফপি।