নাইজেরিয়ার কয়েকটি এলাকায় জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সংঘাতপূর্ণ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথান গত শনিবার এ ঘোষণা দেন।‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত’ জরুরি অবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওউয়ে এজাজি। এদিকে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এবনয়ি রাজ্যে প্রতিবেশী দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত শনিবার অন্তত ৫০ জন নিহত হয়েছে। সরকারি মুখপাত্র ওনিয়েকাচি এনি বলেন, এ ঘটনার সঙ্গে ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের সংশ্লিষ্টতা নেই। জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এজা ও এজিলো সম্প্রদায়ের মধ্যে এ সংঘর্ষ হয়।আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশের প্রেসিডেন্ট জোনাথান বলেন, দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি সমাধানের পথ অনুসন্ধানের পাশাপাশি প্রয়োজনীয় কিছু চূড়ান্ত পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। তাই বর্নো, ইয়োব, নাইজার ও প্লাতেউ রাজ্যের নির্দিষ্ট কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। জঙ্গি সংগঠন বোকো হারাম ওই এলাকাগুলোয় সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে।গুডলাক জোনাথান বলেন, সন্ত্রাস দমনে সামরিক বাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করা হবে। এ ছাড়া আন্তসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে গোলযোগপূর্ণ বিভিন্ন এলাকায় স্থলসীমান্ত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।বোকো হারামকে ‘ক্যানসারাক্রান্ত’ একটি সংগঠন হিসেবে উল্লেখ করে গুডলাক বলেন, প্রতিষ্ঠার শুরুতে সংগঠনটি কারও জন্য ক্ষতিকর ছিল না। তারা এখন নাইজেরিয়াকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু কেউ তা হতে দেবে না।এর আগে গত বড়দিনে রাজধানী আবুজার নিকটবর্তী মাদাল্লার একটি ক্যাথলিক গির্জাসহ কয়েকটি গির্জায় বোমা হামলায় ৪৯ জন নিহত হয়। বোকো হারাম ওই হামলার দায় স্বীকার করে। এ ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও গভীর হতাশা ছড়িয়ে পড়ে। এদিকে খ্রিষ্টান নেতারা সতর্ক করে দিয়ে বলেন, সহিংসতা দমনে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে তাঁরা নিজেরাই আত্মরক্ষার ব্যবস্থা করতে বাধ্য হবেন।স্থানীয় যাজক রেভারেন্ড ফাদার আইজ্যাক আচি বলেন, হামলাকারীদের সমগ্র খ্রিষ্টানসম্প্রদায়ের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাঁদের প্রার্থনা, দেশের আর কোথাও কখনো এ ধরনের হামলা হবে না।নাইজেরিয়া আফ্রিকার সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ। দেশটির উত্তরাঞ্চলে মুসলিম ও দক্ষিণে খ্রিষ্টধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। এএফপি।