নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়ার জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়া আর নেই। দীর্ঘদিন রোগে ভোগার পর বুধবার গভীর রাতে তিনি মারা যান। ৫৮ বছর বয়সী এই নেতা হূদরোগ ও কিডনিসংক্রান্ত শারীরিক সমস্যায় ভুগছিলেন। উমারু ইয়ার আদুয়ার মৃত্যুতে নাইজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। গতকাল বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। উমারু ইয়ার আদুয়ার অসুস্থতাজনিত কারণে কিছু দিন আগে থেকে তিনি অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। খবর রয়টার্সের। ইয়ার আদুয়া ২০০৭ সালের এপ্রিলে নাইজেরিয়ার গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। নতুন প্রেসিডেন্ট জোনাথন এখন নতুন করে একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেবেন। নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দেশটির সংবিধান অনুযায়ী উমারু ইয়ার আদুয়া সরকারের বাকি মেয়াদে দায়িত্ব পালন করবেন। নাইজেরিয়ায় পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০১১ সালের এপ্রিল মাসে।প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বলেছেন, ‘নাইজেরিয়া তার মুকুটের এক মহামূল্যবান রত্নকে হারাল।’ উমারু ইয়ার আদুয়াকে গতকাল বৃহস্পতিবার তাঁর নিজ জন্মস্থান কাটসিনাতে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে নাইজেরিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইয়ার আদুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘উমারু ইয়ার আদুয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে সমবেদনা জানাচ্ছি।’উমারু ইয়ার আদুয়া নাইজেরিয়ার রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আইনের শাসন প্রয়োগের মাধ্যমে সাধারণ নাইজেরীয়দের আস্থা অর্জন করেছিলেন। তাঁর এই কয় বছরের শাসনামল ছিল নাইজেরিয়ার ইতিহাসের অন্যতম ভালো সময়। তিনি ছিলেন নাইজেরিয়ার রাজনৈতিক ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট প্রেসিডেন্ট। নাইজেরিয়ার খনিজ সম্পদে সমৃদ্ধ নাইজার ডেল্টায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাকে উমারু ইয়ার আদুয়ার সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হয়। এর পাশাপাশি তিনি কিছু অর্থনৈতিক সংস্কারের কাজে হাত দেন, যার সুফল নাইজেরীয়রা পাচ্ছে।