নাইজেরিয়ার মুসলমানদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের প্রস্তাব আল-কায়েদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংস লড়াইয়ে অংশ নেওয়ার জন্য নাইজেরিয়ার মুসলমানদের অস্ত্র, গোলাবারুদসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেবের (একিউআইএম) নেতারা। জঙ্গিদের ওয়েবসাইট পর্যবেক্ষণ সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইটিই গতকাল মঙ্গলবার জানিয়েছে, একিউআইএম নেতারা ইন্টারনেটে এক বার্তার মাধ্যমে এ প্রস্তাব দিয়েছেন। খবর এএফপির।এসআইটিই জানায়, গত সোমবার জিহাদিদের ইন্টারনেট ফোরামে প্রকাশিত এক লেখায় আবু মুসাব আবদুল ওয়াদুদ বলেন, নাইজেরিয়ার খ্রিষ্টানদের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হিসেবে দেশটির মুসলমানদের সহিংস জিহাদে অংশ নেওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি গত মাসে নাইজেরিয়ার যশ শহরে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যকার দাঙ্গার কথা উল্লেখ করেন। ওই দাঙ্গায় ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছিল। আবদুল ওয়াদুদ বলেন, ‘খ্রিষ্টানদের প্রতিহত ও আমাদের জনগণের আত্মরক্ষায় সক্ষমতা অর্জনের জন্য আপনাদের সন্তানকে অস্ত্র প্রশিক্ষণ এবং জনবল, অস্ত্র, গোলাবারুদ ও উপকরণ সরবরাহ করার জন্য প্রস্তুত আছি আমরা।’