নাইজেরিয়ায় গির্জায় গুলিতে নিহত ১৫
নাইজেরিয়ার একটি গির্জায় গত সোমবার রাতে প্রার্থনা চলাকালে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছেন।মধ্যাঞ্চলীয় প্রদেশ কোগির ওকেনে শহরে অবস্থিত গির্জাটির নাম ‘ডিপার লাইফ বাইবেল চার্চ’। বন্দুকধারীরা গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে কর্মকর্তারা জানান।কোগির প্রাদেশিক সরকারের মুখপাত্র জ্যাকব এদি ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের একজন মুখপাত্র জানান, অজ্ঞাত বন্দুকধারীরা যখন হামলা চালায় তখন সেখানে উপাসনা চলছিল। তবে ঘটনার সময় সেখানে কতজন ছিল, তা তিনি জানাতে পারেননি।কোগি প্রদেশের যৌথ সামরিক বাহিনীর কমান্ডার লে. কর্নেল গ্যাব্রিয়েল ওলোরানিওমি জানান, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে গির্জার ধর্মযাজকও রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আরও হতাহত ব্যক্তির সন্ধানে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। কেননা, হামলার সময় অনেকেই পার্শ্ববর্তী বিভিন্ন ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে বলে তাঁরা ধারণা করছেন। হামলার বিষয়ে তাত্ক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় এলাকায় অবস্থিত বিভিন্ন গির্জায় এর আগে পরিচালিত হামলাগুলোর দায়িত্ব স্বীকার করে ইসলামি চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম। সাম্প্রতিক ওই হামলাগুলোতে নিহত হয় কয়েক শ লোক। চরমপন্থী গোষ্ঠীটি মুসলিম নেতাসহ অন্য বেশ কিছু লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। সম্প্রতি তারা রাজধানী আবুজাতে অবস্থিত জাতিসংঘ ভবনে হামলা চালায়। বোকো হারাম গোষ্ঠীর অনেক সদস্যই এই কোগি প্রদেশের বলে ধারণা করা হয়। এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ওকেনের একটি গির্জার পাশে বোমা বিস্ফোরিত হয়। তবে তাতে কেউ হতাহত হয়নি।নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক গত জুন মাসে বলেছিলেন, বোকো হারাম গির্জায় হামলার মাধ্যমে দেশে ধর্মীয় সংকট উসকে দেওয়ার চেষ্টা করছে। তারা সরকারকে অস্থিতিশীল করতে চায়। এএফপি ও বিবিসি।