নাইজেরিয়ায় গির্জায় বোমা হামলায় ২৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় একটি ক্যাথলিক গির্জায় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল রোববার সকালে খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব চলাকালে রাজধানী আবুজার শহরতলি মাডালায় সেন্ট টেরেসা নামের ওই গির্জায় এ ঘটনা ঘটে। ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম নামের এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের একজন ২৭টি লাশ দেখেছেন। বিস্ফোরণের পরই ঘটনাস্থলসংলগ্ন এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ক্ষুব্ধ তরুণেরা গুলি ছুড়তে থাকে এবং স্থানীয় পুলিশ স্টেশনে হামলা চালানোর হুমকি দেয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়।জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইয়্যুশাও শুয়াইব জানান, সেখানে ২৭টি লাশ রয়েছে। বিস্ফোরণের সময় গির্জায় কতজন লোক ছিল, তা তিনি জানাতে পারেননি। ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে। পুলিশ বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় গির্জাটি জনাকীর্ণ ছিল। বিস্ফোরণে অনেক মানুষ মারা গেছে। টিমোথি অনিয়েকওয়্যার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা সপরিবারে গির্জাটিতে অবস্থান করছিলাম। বিস্ফোরণের শব্দ শুনে আমি দৌড়ে বের হয়ে আসি। এখন আমি জানি না, আমার স্ত্রী ও সন্তানেরা কোথায় রয়েছে। আমি জানি না, কতজন নিহত হয়েছে। তবে সেখানে অনেক লোক মারা গেছে।’ গত বছরের বড়দিনের উৎসবে জস শহরের কেন্দ্রস্থলে ধারাবাহিক বোমা হামলার দায়ও স্বীকার করে বোকো হারাম। ওই হামলায় ৩২ জন নিহত হয়। এএফপি।