নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বোমা ও গুলিতে ২০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলের পাশে গতকাল রোববার শক্তিশালী বোমা বিস্ফোরণ এবং গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামলার সময় সেখানে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠান চলছিল। নাইজেরিয়ার উত্তর এলাকার কানো শহরে অবস্থিত বেইরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পুরোনো অংশে গতকাল সকালে ওই হামলা চালানো হয়। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি দেশটির কর্মকর্তারা। তবে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হওয়া বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি কমপক্ষে ছয়টি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির পাশের একটি রাস্তায় কমপক্ষে আরও ১২টি লাশ পড়ে থাকতে দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে পৌঁছে বন্দুকের গুলি ছুড়তে শুরু করে এবং বোমা ছোড়ে। এ ঘটনার পর আতঙ্কিত প্রার্থনাকারীরা হুড়োহুড়ি করে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে। তবে তাদের গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবু বকর জিব্রিল জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে-বাইরে কমপক্ষে তিনটি বিস্ফোরণ হয়েছে। বোমা হামলার পরপরই বিশ্ববিদ্যালয়টির পাশের রাস্তাসহ গোটা এলাকায় এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে বন্দুকধারী হামলাকারীরা। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা বলতে পারেননি। লে. ওয়েহা ইকেদিচি নামের ওই মুখপাত্র বলেন, ‘অনেকেই হতাহত হয়েছে। তবে আমি সংখ্যা নিশ্চিত করে বলতে পারছি না। অনেকে গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।’এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে নাইজেরিয়ায় এর আগে এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়েছে দেশটির জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ এই গোষ্ঠীটি মুসলিম অধ্যুষিত কানো শহরে গত ২০ জানুয়ারি সংঘটিত হামলার দায়িত্ব স্বীকার করে। সে সময় বোমা ও গুলিতে কমপক্ষে ১৮৫ জন নিহত হয়, যেটা নাইজেরিয়ায় এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।এর আগেও গির্জাসহ খ্রিষ্টানদের বিভিন্ন অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে বোকো হারাম। গত বড়দিনে রাজধানী আবুজার উপকণ্ঠে একটি গির্জায় বোমা হামালায় ৪৫ জন নিহত হয়। এ ছাড়া ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় নিহত হয় ৪১ জন। অবশ্য এ হামলার দায়িত্ব স্বীকার করেনি বোকো হারাম।সম্প্রতি নাইজেরিয়ায় বোকো হারামের হামলার ঘটনা বেড়েছে। ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির হামলায় এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি দেশটির পুলিশ ও সেনারাও তাদের হামলার শিকার হয়েছেন। এএফপি ও এপি।