নাইজেরিয়ায় ব্যাপক সহিংসতা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব রাজ্য থেকে গতকাল শনিবার শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ইসলামপন্থী সংগঠন বোকো হারাম ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছে লোকজন।এদিকে একই অঞ্চলের আরেকটি রাজ্য আদামাওয়ার ইয়োলা শহরের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গির্জায় প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটে। গতকাল এ রাজ্যে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইয়োলা শহরে সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়। একই দিন গমবে শহরের একটি গির্জায় গুলি চালিয়ে ছয় ব্যক্তিকে হত্যা করা হয়। দেশটির খ্রিষ্টান সম্প্রদায়কে উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে বোকো হারাম।পুলিশ ও এলাকাবাসী জানায়, ইসলামপন্থী সংগঠন বোকো হারাম ও নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় পতিস্কাম শহরে রাতভর বন্দুকযুদ্ধের পর গতকাল স্থানীয় লোকজন পালাতে শুরু করে।ওই এলাকায় সহিংসতায় নিহতের সংখ্যা এখনো জানায়নি পুলিশ। ইয়োব রাজ্যের পুলিশ কমিশনার লন টাংকো বলেন, বন্দুকযুদ্ধে কয়েকজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে আরও অনুসন্ধান প্রয়োজন।একদল বন্দুকধারী পতিস্কাম শহরের পুলিশ সদর দপ্তরে বোমা হামলা চালায়। এরপর সেনাবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। স্থানীয় লোকজন জানায়, ইসলামপন্থীরা ওই শহরের দুটি ব্যাংকে লুটপাট চালায়। এএফপি।