নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৫৯ শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে গত সোমবার রাতে সন্ত্রাসী হামলায় ৫৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার হাসপাতালের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, আল-কায়েদার সহযোগী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের জঙ্গিরা এসব শিক্ষার্থীকে গুলি করে বা পুড়িয়ে হত্যা করে।

রয়টার্সের খবরে জানানো হয়, উবি রাজ্যের বুনি ইয়াদি শহরে ফেডারেল গভর্নমেন্ট কলেজের ছাত্রাবাসে এ হামলা চালানো হয়।

পুলিশ কমিশনার সানুসি রুফাই বলেন, অনেক শিক্ষার্থীর লাশ পুড়ে ছাই হয়ে গেছে।

রাজ্যের রাজধানী দামাতুরুর বিশেষায়িত হাসপাতালের একজন কর্মকর্তা বালা আজিয়া ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে। তিনি বলেন, আরও লাশ আসছে। ঝোপঝাড়ের  মধ্য থেকে এসব লাশ উদ্ধার করা হচ্ছে। হামলার সময় এসব শিক্ষার্থী সেখানে আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, স্টাফকোয়ার্টারসহ স্কুলের ২৪টি ভবন পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন কঠোর ভাষায় এ হামলার নিন্দা করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘অবর্ণনীয় সন্ত্রাসী হামলার জন্য’ বোকো হারামের নিন্দা জানিয়েছেন।