নাইজেরিয়ায় সিসার বিষক্রিয়ায় দেড় শতাধিক মানুষের মৃত্যু
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সিসার বিষক্রিয়ায় গত কয়েক মাসে ১৬৩ জন মানুষ মারা গেছে। এর মধ্যে ১১১টি শিশু। স্থানীয় বাসিন্দারা সোনার জন্য ওই এলাকায় অবৈধভাবে খোঁড়াখুঁড়ি শুরু করলে গত মার্চ থেকে সেখানকার বাসিন্দাদের মধ্যে সিসাজনিত বিষক্রিয়া শুরু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নাইজেরিয়ায় দেশজুড়ে বার্ষিক টিকাদান কর্মসূচি চলার সময় সিসার বিষক্রিয়ায় মানুষের মারা যাওয়ার ঘটনাটি আবিষ্কৃত হয়। মৃত ব্যক্তিরা উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। টিকা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীরা এত মানুষ মারা যাওয়ার কারণ জানতে চাইলে গ্রামবাসী জানায়, শিশুদের অধিকাংশ মারা গেছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। কিন্তু মেদিসি সঁ ফ্রতিয়ের্স নামের একটি আন্তর্জাতিক সংস্থা শিশুদের রক্ত পরীক্ষার পর সিসার বিষক্রিয়ার বিষয়টি ধরা পড়ে।নাইজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তাঁরা ৩৫৫ জনের রক্তে সিসাজনিত বিষক্রিয়ার সন্ধান পেয়েছেন। এর মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স পাঁচ বছরের কম। ওই কর্মকর্তা আরও জানান, আক্রান্ত ব্যক্তিরা সোনা আহরণ করতে মাটি খনন করেছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই এলাকাটি সিসাসমৃদ্ধ এলাকা। সিসার আধিক্যের কারণে ওই এলাকার পানিও দূষিত হয়েপড়েছে। বিবিসি, রয়টার্স।