নাইজেরিয়ায় হামলায় ৬০ জন নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার একটি গবাদি পশুর বাজারে বন্দুকধারীদের বোমা হামলা ও গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় ইয়োবি রাজ্যের গভর্নরের একজন মুখপাত্র গতকাল শুক্রবার এ খবর জানান। তবে গত বুধবার রাতের ওই হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।মুখপাত্র আবদুল্লাহি বেগো বলেন, ইয়োবির পতিসকাম শহরের ওই বাজারটিতে বন্দুকধারীদের হামলায় ৬০ জন নিহত হয়েছে। আহত অবস্থায় আরও ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের গভর্নর ইব্রাহিম গাইদাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয় হাসপাতালের একজন কর্মী জানান, তিনি সেখানকার মর্গে ৫৬ জনের লাশ দেখেছেন। আহতদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।কর্মকর্তারা জানান, হামলার পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়। এর আগে শহরটিতে ইসলামপন্থী গ্রুপ বোকো হারাম একাধিকবার হামলা চালিয়েছে। ভূমি বিরোধকে কেন্দ্র করে কয়েকবার জাতিগত সহিংসতারও শিকার হয় শহরটি।বোকো হারাম এ হামলা চালিয়ে থাকতে পারে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় পুলিশ কমিশনার মোসেস নামিরি । রয়টার্স।