নাইজেরীয় ছাত্রীদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের তল্লাশি শুরু
অপহণের শিকার স্কুলছাত্রীদের অনুসন্ধানে নাইজেরিয়ার আকাশে মনুষ্যচালিত বিমান নিয়ে তল্লাশি শুরু করেছে যুক্তরাষ্ট্র৷ গত ১৪ এপ্রিল দেশটির উত্তরাঞ্চলের বর্ন রাজ্যের মাইদুগুরি শহরের একটি বিদ্যালয় থেকে ২৭৬ ছাত্রীকে অপহরণ করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম৷ জঙ্গিগোষ্ঠীটি তাদের সদস্যদের মুক্তি দিলে এসব ছাত্রীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে৷
নাইজেরিয়া সরকারের অনুমতি নিয়ে অপহৃত এই ছাত্রীদের উদ্ধারে গতকাল মঙ্গলবার পর্যবেক্ষণ বিমানটি নাইজেরিয়ার আকাশ প্রদক্ষিণ করে৷ বিমানটির ধরন সম্পর্কে জানা যায়নি৷ তবে যুক্তরাষ্ট্রের এমন স্পর্শকাতর বিমান আছে, যেগুলো অনেক দূর পর্যন্ত মোবাইল ফোন ও টেলিযোগাযোগের সংকেত দিতে পারে৷
গত সোমবার এএফপি থেকে পাওয়া এক ভিডিওচিত্রে দেখা যায়, বোকো হারামের নেতা আবুবকর সেকু বলছেন, সব বন্দী জঙ্গিকে মুক্তি না দেওয়া পর্যন্ত এসব ছাত্রীকে আটক রাখা হবে৷ ভিডিওটি কখন কোথায় প্রকাশ করা হয়েছে, তা স্পষ্ট নয়৷
যুক্তরাষ্ট্রের এফবিআই ও প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৩০ জন বিশেষজ্ঞের একটি দল তল্লাশি অভিযানে সহায়তা করছে৷
আরেক মার্কিন কর্মকর্তা জানান, অপহৃত ছাত্রীদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ‘ড্রোন’ও ব্যবহার করতে পারে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, বোকো হারামের ভিডিওচিত্রটি দেখে অপহৃতদের উদ্ধারের কোনো পথ বের করা যায় কি না, বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে দেখছেন৷ বিবিসি ও এএফপি৷