নাইন-ইলেভেনের দুই হামলাকারীর ভিডিও ছেড়েছে আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা গতকাল বৃহস্পতিবার অনলাইনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আত্মঘাতী হামলায় অংশ নেওয়া দুই বিমান ছিনতাইকারীর একটি ভিডিও ছেড়েছে। আরব উপদ্বীপ থেকে মার্কিন বাহিনীকে তাড়ানোর লড়াইয়ের অংশ হিসেবে তারা ওই হামলা চালিয়েছিল বলে আল-কায়েদা দাবি করেছে।আল-কায়েদার গণমাধ্যম শাখা আস-সাহবের তৈরি ওই ভিডিওতে নাইন-ইলেভেনে চারটি বিমান ছিনতাইয়ে অংশ নেওয়া সালিম আল-হাজমি ও খালিদ আল-মিহদারকে তাঁদের অসিয়তনামা পাঠ করতে দেখা যাচ্ছে। হামলায় ১৯ জন অংশ নিয়েছেন। সামরিক জ্যাকেট ও পাগড়ি পরিহিত মিহদার মেশিনগান হাতে নিয়ে বলেন, তিনি ২০০১ সালের ২৬ এপ্রিল তাঁর অসিয়তনামা পাঠ করেছেন।আরেক বার্তায় হাজমি বলেন, তাঁদের অভিযান যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের বিরুদ্ধে জিহাদের অংশ। হাজমি বলেন, মুসলিমদের মর্যাদা পুনরুদ্ধার ও মার্কিনদের আরব উপদ্বীপ থেকে বিতাড়নের জন্য এই যুদ্ধ। এএফপি।