নাইরোবির বিপণিকেন্দ্র জঙ্গিমুক্ত হয়নি

কেনিয়ার রাজধানী নাইরোবির বিপণিকেন্দ্রটি গত ২৪ ঘণ্টায়ও জঙ্গিমুক্ত করা যায়নি।
কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার সিএনএন জানিয়েছে, আজ রোববার সকালেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয়েছে। বন্দুকধারীরা অনেক মানুষকে জিম্মি করে রেখেছে। বিপণিকেন্দ্রটি জঙ্গিমুক্ত করতে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গতকাল শনিবার বিপণিকেন্দ্রটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জঙ্গি হামলায় বিপণিকেন্দ্রটিতে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
কেনিয়ার কর্তৃপক্ষ বলছে, বিপণিকেন্দ্রটির ভেতরে এখনো বেশ কিছু মানুষ জিম্মি অবস্থায় রয়েছে।তবে তাদের সঠিক সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
আল-শাবাব দাবি করেছে, অন্তত ৩৬ জনকে জিম্মি করা হয়েছে।নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ রোববার সকালেও বিপণিকেন্দ্রটির ভেতর থেকে গুলির শব্দ পাওয়া গেছে।
বিপণিকেন্দ্রটির বাইরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে হামলাকারীদের দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট।
কেনিয়ার কর্তকর্তারা জানিয়েছেন, অচলাবস্থা নিরসনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে।শিগগিরই বিপণিকেন্দ্রটি জঙ্গিমুক্ত করা হবে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমালিয়ায় কেনিয়ার সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় আল-শাবাব এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। ২০১১ সাল থেকে দক্ষিণ সোমালিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেনিয়ার সেনাবাহিনী।