নাইরোবির বিপণিবিতানে বিস্ফোরণের আওয়াজ, জিম্মিসংকট অব্যাহত

ইসলামপন্থী সংগঠন আল শাবাবের সদস্যরা কেনিয়ার রাজধানী নাইরোবির যে বিপণিবিতানে একদল নিরীহ মানুষকে জিম্মি করে রেখেছে, সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। রয়টার্স বলছে, ওই ভবন থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে।
আজ সোমবার কেনিয়ার বিভিন্ন টেলিভিশনে দেখানো ভিডিও চিত্রে দেখা গেছে, ছদ্মবেশী সেনারা ভবনটির আশপাশে ও ভেতরে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। একটি সাঁজোয়া যানকেও অবস্থান বদলাতে দেখা গেছে।
আল জাজিরা বলছে, সাংবাদিক ও ক্যামেরাগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বিপণিবিতানটির পুরো অংশ ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে তার আশপাশের জায়গাগুলো দেখা যাচ্ছে।
এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘আমরাই বিস্ফোরণ ঘটিয়েছি। আমরা ছাদ দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম।’ তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।
আল জাজিরার প্রতিবেদন ক্যাথরিন সোই ঘটনাস্থল থেকে জানান, পুলিশ অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছে, তারা কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতোর বিচার স্থগিত করেছে। ২০০৭ সালে নির্বাচনপরবর্তী সহিংসতায় উসকানি ও মদদ দেওয়ার অভিযোগে রুতোর বিচার চলছিল।
আদালত বলছে, রুতোকে বিচারকাজ থেকে আপাতত নিস্তার দেওয়া যেতে পারে। কারণ, এখন নাইরোবির সংকট মোকাবিলায় কাজ করা তাঁর জন্য গুরুত্বপূর্ণ।
গতকাল রোববার কেনিয়ার নিরাপত্তা বাহিনী দাবি করেছিল, অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হয়েছে। তবে এখনো অনেক মানুষ ভেতরে আটক রয়েছে।
রেডক্রস বলছে, গত শনিবার সোমালিয়ার উগ্রপন্থী সংগঠনটি রাইফেল ও গ্রেনেড নিয়ে ওয়েস্টগেট বিপণিবিতানটিতে হামলা চালায়। এখন পর্যন্ত ৬৮ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে।
কেনিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সাইরাস ওগুনা বলেন, অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হয়েছে। তবে ঠিক কত মানুষকে মুক্ত করা হয়েছে, সে সংখ্যা তিনি নিশ্চিত করেনি। তিনি বলেন, অধিকাংশের দেহে পানিশূন্যতা দেখা দিয়েছে এবং তারা আতঙ্কে ভুগছে। ...তাদের উদ্ধার করতে গিয়ে চারজন কেনীয় সেনা আহত হয়েছে।
কেনিয়ার দুর্যোগ মোকাবিলাকেন্দ্র বলছে, নিরাপত্তা বাহিনী সফল হতে চলেছে। নিরাপত্তা বাহিনীও দাবি করছে, তারা বিতানটির অধিকাংশ অংশ মুক্ত করতে সফল হয়েছে।
এদিকে আল শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, প্রাণহানির জন্য কার্যত কেনিয়ার অদূরদর্শী সরকারের তত্পরতাই দায়ী। ...কেনিয়ার সেনারা ছাদ বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং এভাবে তারা জিম্মিদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
শাবাবের মুখপাত্র আবু ওমর আল জাজিরাকে বলেন, জিম্মিদের নিয়ে তারা কোনো ধরনের সমঝোতা করবেন না। জিম্মিরা তাদের নিজেদের ভাগ্যকে বরণ করে নেবে।
আল শাবাব বলেছে, তারা কার্যত অমুসলিমদের লক্ষ্যে পরিণত করেছে। তবে মৃত ব্যক্তিদের মধ্যে কানাডা, ঘানা, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত ও কেনিয়ার অনেক মানুষ রয়েছে।
শাবাবের দাবি, কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়া থেকে নিজ সেনাদের গুটিয়ে নিক। কেনিয়ার সেনারা সোমালিয়া সরকারকে রক্ষায় শান্তি মিশনে নিয়োজিত আছে।