নাওমি ক্যাম্পবেলকে আদালতে তলব করা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় সুপারমডেল নাওমি ক্যাম্পবেলকে তলব করা হতে পারে। দ্য হেগে সিয়েরা লিওন গণহত্যার বিচারে গঠিত জাতিসংঘের বিশেষ আদালত এ রায় দিয়েছে। আদালতের কৌঁসুলিরা বলেছেন, চার্লস টেলর ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার বাড়িতে এক নৈশভোজে নাওমিকে বেশ বড় সাইজের একটি অকর্তিত হীরকখণ্ড দিয়েছিলেন। হীরাটি ‘ব্লাড ডায়মন্ড’ বলে মনে করা হয়। হীরা বিক্রি করে চার্লস টেলর সিয়েরা লিওনের বিদ্রোহী বাহিনী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের জন্য অস্ত্র কিনেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার আদালত কৌঁসুলিদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নাওমি ক্যাম্পবেলকে এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হবে। নাওমি এর আগে কৌঁসুলিদের কাছে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান।কৌঁসুলিরা বলেছিলেন, নেলসন ম্যান্ডেলা আয়োজিত ওই নৈশভোজে মার্কিন অভিনেত্রী মিয়া ফারোও উপস্থিত ছিলেন। তবে চার্লস টেলর নাওমিকে হীরা উপহার দেওয়ার কথা অস্বীকার করেছেন। অন্যদিকে নাওমির সাবেক এজেন্ট ক্যারোল হোয়াইট ও অভিনেত্রী মিয়া ফারো বলেছিলেন, নাওমি তাঁদের কাছে নিজের মুখে ওই হীরা নেওয়ার কথা বলেন। আদালত এ দুজনকেও তলব করার অনুমতি দিয়েছে।বিশ্বের বিভিন্ন স্থানে যে হীরা বিক্রি করে পাওয়া অর্থ গৃহযুদ্ধের জন্য ব্যয় করা হয় তাকে ‘ব্লাড ডায়মন্ড’ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। রয়টার্স ও বিবিসি অনলাইন।