নাগরিকত্ব আইন কঠোর করছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ উগ্রবাদ মোকাবিলায় কঠোর নাগরিকত্ব আইন প্রণয়ন করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। রাজধানী ক্যানবেরায় কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির।
টনি অ্যাবোট বলেন, দুই দেশের নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা যদি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের নাগরিকত্ব স্থগিত এমনকি বাতিল করা হবে। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ব্যক্তিরা যদি সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করে, তবে তারা কিছু সুবিধাদি হারাবে।
দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন যে অস্ট্রেলিয়াকে চরমপন্থী ইসলামি জঙ্গিগোষ্ঠীর হুমকি মোকাবিলা করতে হচ্ছে। বেশ কয়েকজন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে যুদ্ধ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যুদ্ধক্ষেত্র থেকে ওই নাগরিকদের ফেরত আসার প্রভাব এবং তাদের সমর্থকদের নিয়ে চিন্তিত।
টনি অ্যাবোট বলেন, যারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের নাগরিকত্ব হারাতে হবে। আর যেসব অস্ট্রেলিয়ার নাগরিক সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিতে হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাদের প্রতিও একই আচরণ করা হবে। দুই দেশের নাগরিকদের ক্ষেত্রে নাগরিকত্ব স্থগিত বা প্রত্যাহার করে নেওয়া হবে। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত অস্ট্রেলিয়ার নাগরিকদের দেশত্যাগ অথবা ফিরে আসা বন্ধ করার পাশাপাশি কল্যাণ ভাতাও বন্ধ করা হতে পারে। ২০১০ সাল থেকে ইরাক এবং সিরিয়া যুদ্ধে লিপ্ত ১০০ জনের পাসপোর্ট বাতিল করেছে অস্ট্রেলিয়া।
অ্যাবোট বলেন, ধর্মীয় উসকানি এবং বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টিকারী সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও নতুন
প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ‘হিযবুত তাহ্রীরের মতো সংগঠন বা ব্যক্তি যারা বিভেদ এবং ঘৃণা সৃষ্টি করছে, তারা সাজার হাত থেকে রক্ষা পাবে না।’