নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও কঠোর করছে অস্ট্রেলিয়া। ‘অস্ট্রেলীয় মূল্যবোধকে’ প্রাধান্য দেওয়া এ বিষয়ক একটি পরিকল্পনা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। বিদেশি শ্রমিকদের জন্য একটি বিশেষ কর্মভিসা কর্মসূচি বাতিল ঘোষণা করার কয়েক দিনের মাথায় এ পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, আইনের শাসন, গণতন্ত্র, স্বাধীনতা, পারস্পরিক সম্মানবোধ, নারী-পুরুষে সমতার প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা সংজ্ঞায়িত। এই মৌলিক মূল্যবোধগুলোই আমাদের অস্ট্রেলীয় করেছে। আমাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায়ও এর প্রতিফলন থাকা উচিত।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই আরও শক্তিশালী অস্ট্রেলিয়া, নাগরিকত্ব ও নাগরিক গড়তে আজ (বৃহস্পতিবার) আমরা নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও কঠিন করার ঘোষণা দিচ্ছি।’
নতুন প্রক্রিয়ায় একজন প্রার্থীকে ইংরেজি ভাষায় দক্ষ এবং লিঙ্গ সমতায় বিশ্বাসী হতে হবে। সেই সঙ্গে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বর্তমানের এক বছর মেয়াদি স্থায়ী বসবাসের মেয়াদ বাড়িয়ে চার বছর করা হয়েছে।