নাগরিকদের বিদেশ ভ্রমণের বাধা তুলে নিচ্ছে কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ ভ্রমণের জন্য কিউবার নাগরিকদের আর বহিরাগমন অনুমতি (এক্সিট পারমিট) নিতে হবে না। আগামী জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।বিদেশ ভ্রমণে ইচ্ছুক কিউবানদের সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আর এই অনুমতি নেওয়ার প্রক্রিয়াটাও বেশ জটিল। বর্তমানে কিউবার নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি পেতে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রেই ভিন্নমতা-বলম্বীদের এই অনুমতি দেওয়া হয় না। তবে জানুয়ারি থেকে আর এ অনুমতির প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ওই পদক্ষেপ কার্যকর করা হবে। তবে এ জন্য বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতির কথা বিবেচনা করে অভিবাসন আইন হালনাগাদ করা হচ্ছে। ওই পদক্ষেপ কার্যকর হলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের শুধু বৈধ পাসপোর্ট ও ভিসার প্রয়োজন পড়বে।এত দিন কিউবার নাগরিকদের বিদেশে ১১ মাস থাকার অনুমতি দেওয়া হতো। তবে নতুন পদক্ষেপের আওতায় তাঁরা দুই বছর বিদেশে অবস্থান করতে পারবেন। আর দেশে ফিরে আসার ক্ষেত্রেও নতুন করে তাঁদের কাগজপত্র নবায়নের ঝামেলা পোহাতে হবে না।হাভানা বলেছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয়টিকে অধিকাংশ কিউবার নাগরিকই অপছন্দ করতেন। এ জন্যই সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এএফপি ও বিবিসি।