নাগরিকদের সতর্ক করল নেদারল্যান্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে তুরস্কে যাওয়ার ব্যাপারে নেদারল্যান্ডস সরকার তার নাগরিকদের সতর্ক করে দিয়েছে। তুর্কি গণভোটের প্রচারণা নিয়ে আঙ্কারার সঙ্গে আমস্টারডামের চলমান বিরোধ নিরসনের কোনো লক্ষণ গতকাল সোমবার পর্যন্ত দেখা যায়নি। ইউরোপের অন্য কয়েকটি দেশের সঙ্গেও একই কারণে তুরস্কের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসে প্রবাসী তুর্কি নাগরিকদের উদ্দেশে প্রচারণা সভা করতে চেয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কয়েকটি সভা হওয়ার পর এ নিয়ে বিরোধ বাধে। নিজেদের নির্বাচন ও গোলযোগের আশঙ্কার কারণ দেখিয়ে ওই তিন দেশ তাতে বাধা দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, জার্মানি ও নেদারল্যান্ডস ‘নাৎসিবাদের চর্চা’ করছে। শনিবার তুরস্কের এক মন্ত্রীকে সভা করতে না দিয়ে দেশ থেকে কার্যত ‘বহিষ্কার’ করে নেদারল্যান্ডস সরকার। ক্ষুব্ধ আঙ্কারা গতকাল ডাচ রাষ্ট্রদূতকে তলব করেছে। আগের দিন এরদোয়ান বলেন, নেদারল্যান্ডসকে এমন আচরণের মূল্য দিতে হবে।
তুরস্কের অনেক নাগরিক ইউরোপে বসবাস করেন। তাঁরা তুরস্কে আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠেয় গণভোটে অংশ নিতে পারবেন। এরদোয়ানের ক্ষমতার আওতা বৃদ্ধির জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার লক্ষ্যে তুর্কি সরকার ওই তিন দেশে সভা করতে চেয়েছিল। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্যেষ্ঠ কর্মকর্তারা বিদেশে সভা করার ওই পরিকল্পনার সমালোচনা করেছেন।
এদিকে তুরস্কের বিরোধীদলীয় নেতা গতকাল বলেছেন, তুর্কিরা আসন্ন গণভোটে ‘না’-এর পক্ষে ভোট দেবে। ফলে প্রেসিডেন্ট এরদোয়ান একচ্ছত্র ক্ষমতা পাবেন না। রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিকদারগলু এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।