নাগরিকের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নবনির্বাচিত মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি নাগরিকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার জন্য দেশটির সরকার ও ক্ষমতাশালী ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইন্টারনেটের ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরও স্বাধীনতা দেওয়ারও আহ্বান জানান। গতকাল বুধবার তেহরানে মাঝারি সারির ধর্মীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দেন হাসান রুহানি। তাঁর এই ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। রুহানি এ সময় বলেন, দেশের মানুষ যখন সমাজে পরিবর্তন দেখতে চাইছে, তখন ইরানের সরকার ও ধর্মীয় নেতাদের মধ্যে কোনো টানাপোড়েন বা বিভেদ থাকা উচিত নয়।

রুহানি বলেন, ‘আমাদের শক্তিশালী সমাজ দরকার। দরকার শক্তিশালী সরকার। আজ সবার অংশগ্রহণে সমাজকে বদলে দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে।...শক্তিশালী সরকার মানে এই নয় যে তারা সব বিষয়ে নাক গলাবে এবং হস্তক্ষেপ করবে।’ রয়টার্স।