নাগা বিদ্রোহীদের সঙ্গে মনমোহনের বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন সে দেশের নিষিদ্ধ নাগা বিচ্ছিন্নতাবাদীদের সম্মুখ সারির নেতারা। সরকার নিয়োজিত এক মধ্যস্থতাকারী বেশ কয়েক দফা দুই পক্ষের মধ্যে আলোচনা করে গতকাল মঙ্গলবার ওই বৈঠকের ব্যবস্থা করেন। সংগঠনের এক নেতা বার্তা সংস্থাকে গতকাল এ কথা বলেন। প্রায় এক বছর শান্তি আলোচনা বন্ধ থাকার পর নাগা বিদ্রোহী সংগঠন দ্য ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আইজ্যাক-মুইবাহর (এনএসসিএন-আইএম) শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গতকাল নয়াদিল্লিতে ওই বৈঠক হয়। বৈঠকের আগে সংগঠনের পরিচালনা কমিটির আহ্বায়ক ভিএস এটেম বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনে সংগঠনের নেতারা ওই বৈঠক করবেন। আশা করি বৈঠক ফলপ্রসূ হবে।’ তিনি আরও জানান, বিদ্রোহী গ্রুপের সাধারণ সম্পাদক থুইংগালেং মুইবাহ সংগঠনের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে নেদারল্যান্ডে স্বেচ্ছা নির্বাসন থেকে গত শনিবারই তিনি নয়াদিল্লি পৌঁছান। এটেম বলেন, ‘সরকার একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে শান্তি আলোচনা শুরুর জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। আলোচনা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। তবে নিজেদের সার্বভৌমত্বের অধিকারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের স্বাধীন বৃহত্তর নাগাল্যান্ড রাজ্য অর্জনের প্রতিজ্ঞা থেকে পিছপা হব না।’ বিদ্রোহীরা সরকারের সঙ্গে ১৯৯৭ সালের আগস্টে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এরপর থেকে এ পর্যন্ত নাগা বিদ্রোহীদের সঙ্গে সরকারের ৬৭ দফা বৈঠক হয়েছে। দুই পক্ষে সর্বশেষ ২০০৯ সালের মার্চে সুইজারল্যান্ডের জুরিখে শান্তি আলোচনা হয়। তবে ওই আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পিটিআই।