নাগাসাকির সেই মেরি মূর্তি এখন শান্তির প্রতীক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৯ আগস্ট আণবিক বোমা ‘ফ্যাট ম্যান’-এর আঘাতে জাপানের নাগাসাকি নগর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ওই দিনই নিহত হয়েছিল ৭০ হাজারের বেশি মানুষ। অন্য অনেক ভবনের সঙ্গে নগরের উরাকামি গির্জাও ধ্বংসস্তূপে মিশে গিয়েছিল। গির্জার রঙিন কাচের জানালা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। মাটির সঙ্গে মিশে গিয়েছিল দেয়াল। পুড়ে গিয়েছিল বেদী। তাপে গলে গিয়েছিল লোহার ঘণ্টা। তবে রক্ষা পেয়েছিল কুমারী মেরির মূর্তির মাথাটি। স্থানীয় খ্রিষ্টানদের কাছে এটি ছিল অলৌকিক ঘটনা।কুমারী মেরির মূর্তির চোখ দুটি আগুনে ঝলসে যায়। গালের ডান পাশটি পুড়ে কয়লা হয়ে যায় এবং সেখানে এমন একটি ফাটল সৃষ্টি হয়, দেখলে মনে হবে গাল বেয়ে নামছে অশ্রুধারা।৭৯ বছর বয়স্ক শিগমাই ফুকোহরি বলেন, ‘ধ্বংসযজ্ঞের পর মূর্তিটি প্রথম দেখেই আমার মনে হয়েছিল কুমারী মেরি বুঝি কাঁদছেন। আমার আরও মনে হয়েছিল, নিজের শরীরে এই কষ্ট নিয়ে মেরি আমাদের যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে কিছু বলছেন।’ফুকোহরি আরও বলেন, ‘শান্তির প্রতীক হিসেবে এটি গুরুত্বপূর্ণ। এটি সংরক্ষণ করা উচিত।’কুমারী মেরির ওই মূর্তির রক্ষা পাওয়া অংশটুকু আবার স্থাপন করা হয়েছে নতুন একটি গির্জায়। আগের গির্জাটি যেখানে ছিল, ঠিক সেখানে তৈরি করা হয়েছে নতুন গির্জাটি। ওই গির্জা থেকে মাত্র ৫০০ মিটার দূরে ফেলা হয়েছিল ‘ফ্যাট ম্যান’।তবে নতুন করে গির্জায় স্থাপনের আগে মূর্তির ধ্বংসাবশেষ অনেক দেশ ঘুরেছে। গত মে মাসে জাতিংসঘ আয়োজিত পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক সম্মেলনের সময় এটিকে নেওয়া হয়েছিল নিউইয়র্কে। সে সময় এটিকে শহরের সেন্ট প্যাট্রিক গির্জায়ও নেওয়া হয়।নিউইয়র্কে মূর্তিটি দেখেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত বৃস্পতিবার হিরোশিমা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি নাগাসাকিতে গিয়েছিলেন মূর্তিটি পুনরায় দেখার জন্য।নাগাসাকির ধর্মীয় নেতারা মূর্তিটিকে ভ্যাটিকানে নিয়ে গেছেন। সেখানে পোপ ষোড়শ বেনেডিক্ট এটিকে আশীর্বাদ করেন। এরপর এটিকে নেওয়া হয় স্পেনের গুয়ের্নিকা শহরে। স্পেনের গৃহযুদ্ধের সময় নাৎসি বিমান হামলায় নিহতদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির করা হয়।নাগাসাকির আর্চবিশপ মিতসুয়াকি তাকামি বলেন, ‘মূর্তিটি নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছি এ লক্ষ্যে যে, কুমারী মেরি শান্তির পক্ষে কাজ করবেন।’হিরোশিমায় প্রথম আণবিক বোমা ‘লিটল বয়’ নিক্ষেপ করার তিন দিন পরই ৯ আগস্ট আমেরিকার নাগাসাকিতে ফেলে দ্বিতীয় আণবিক বোমা চার হাজার ২০০ কেজি ওজনের ‘ফ্যাট ম্যান’। স্থানীয় সময় বেলা ১১টা দুই মিনিটে মার্কিন বোমারু বিমান এবি-২৯। প্রচণ্ড কমলা রঙের আলোর ঝলকানির পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো শহর। ধ্বংসস্তূপে পরিণত হয় নাগাসাকি। ওই দিন শহরে মানুষ ছিল প্রায় দুই লাখ ৬৩ হাজার। এর মধ্যে মারা যায় প্রায় ৭০ হাজার এবং আহত হয় অসংখ্য মানুষ।নাগাসাকিতে এই পারমাণবিক ধ্বংসযজ্ঞের তিন দিন পরেই আত্মসমর্পণ করে জাপান। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এএফপি।