নাজুক হলেও ভেঙে পড়েনি ইরানের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানের বিপণিবিতানগুলোয় এখনো ক্রেতাদের অভাবনীয় ভিড় চোখে পড়ে। ভালো কোনো রেস্তোরাঁয় আসন পেতে এখনো দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এই চিত্র দেখে বোঝার উপায় নেই যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফা নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি আরও নাজুক অবস্থায় পৌঁছেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমেছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি হারাতে হয়েছে অনেককে।ইরানের নাগরিক হোসেন আহমেদ ব্যবসা করেন দুবাইতে। প্রায় প্রতি মাসেই ইরানে যান তিনি। তাই নিষেধাজ্ঞার প্রভাব খুব ভালোভাবেই চোখে পড়ে এই ব্যবসায়ীর। তাঁর মতে, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকটে পড়েছে। তবে তা এখনো গতিশীল। ইরানের বাইরের লোকজন যতটা সংকটজনক বলে মনে করে, ঠিক ততটা নয়।ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এক বছর আগে সর্বশেষ দফায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে। আগামী সপ্তাহে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে কাজাখস্তানে আলোচনায় বসছে ইরান। এই আলোচনার সময় নিষেধাজ্ঞার প্রভাবের বিষয়টি দুই পক্ষেরই বিবেচনায় থাকার কথা। ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী সাবানি বলেন, ইরান সরকার অনেক আগে থেকেই অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত ছিল। তাই মার্কিন নিষেধাজ্ঞা কঠোর হওয়ার পর এর প্রভাব ততটা পড়েনি। তিনি বলেন, ইরানের অর্থনীতি এখনো ভেঙে পড়েনি, এখনো সচল রয়েছে।তবে ইরানের অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব স্পষ্ট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার গত সপ্তাহের এক হিসাবে দেখা যায়, ইরানের দৈনিক জ্বালানি তেল রপ্তানি গত জানুয়ারিতে সম্ভবত ১০ লাখ ব্যারেলের নিচে নেমে গেছে। ২০১১ সালের শেষ দিকে দেশটি দৈনিক প্রায় ২২ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। ইরান সরকার বিষয়টি আগে থেকেই অনুমান করছিল। তাই পরিকল্পনাও ঠিক করেছিল। এর অংশ হিসেবে দেশটি বিলাসবহুল গাড়ি ও মুঠোফোন আমদানি নিষিদ্ধ করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অর্থনীতি সচল রাখতে ইরান স্বর্ণ রপ্তানিও নিয়ন্ত্রণ করেছে।কয়েক মাস আগে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দাম দুই-তৃতীয়াংশ কমে যায়। এ সময় বৈদেশিক বাণিজ্যে এর ব্যাপক প্রভাব পড়ে। ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাজপথে বিক্ষোভও হয়। তবে তা সুকৌশলে নিয়ন্ত্রণ করে ইরান সরকার। সরকারের পক্ষ থেকে খাদ্য, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় দ্রব্য আমদানিকারকদের কাছে কম দামে ডলার বিক্রির উদ্যোগ নেয়। আবার যাঁরা বিদেশ থেকে বিলাসবহুল পণ্য আনতে চান বা বিদেশে যেতে চান, তাঁদের সাধারণ মুদ্রাবাজার থেকেই চড়া দামে ডলার কিনতে হয়। এভাবে ভারসাম্য রক্ষার মাধ্যমে ডলারের বিরুদ্ধে রিয়ালের দাম পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ইরান। বিশ্লেষকেরা বলছেন, সরকার যেভাবে এই ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, তাতে জ্বালানি তেল রপ্তানি আরও হ্রাস পেলেও ইরানকে ভয়াবহ সংকটে পড়তে হবে না।ইরানি বংশোদ্ভূত অর্থনীতিবিদ মেহরদাদ এমাদি বলেন, ইরান অন্তত ছয় হাজার কোটি মার্কিন ডলার রিজার্ভ রেখেছে, যার পরিমাণ নাজুক অর্থনৈতিক পরিস্থিতির সীমারেখা থেকে অনেক অনেক বেশি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গত অক্টোবরের হিসাবে দেখা যায়, ইরানের বাজেট ঘাটতির পরিমাণ দেশটির জিডিপির ৩ দশমিক ৯ শতাংশ, যা কোনো সরকারের জন্য তেমন কঠিন কোনো বিষয় নয়।