নাতানজে নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান: আইএইএ
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য নাতানজ পারমাণবিক কেন্দ্রে নতুন করে উন্নত মডেলের সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা জানিয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ৬ ফেব্রুয়ারি পর্যবেক্ষণে দেখা গেছে যে ইরান নাতানজ পারমাণবিক কেন্দ্রে আইআর২এম মডেলের সেন্ট্রিফিউজ স্থাপন শুরু করে। আইএইএ বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথমবারের মতো আইআর১-এর চেয়ে উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ স্থাপন করা হয়েছে। সংস্থার এক কর্মকর্তা জানান, ইরান তিন হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের মাধ্যমে এর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়াতে চায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘটনাকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।গত মাসে আইএইএকে লেখা এক চিঠিতে ইরান জানায়, নাতানজে তারা আইআর২এম নামের উন্নত মডেলের সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে। সেটা হলে আগের সরঞ্জামের চেয়ে অনেক দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে।আইএইএর প্রতিবেদনে বলা হয়, এ ধরনের সেন্ট্রিফিউজ স্থাপিত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও ত্বরান্বিত হবে বলে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এএফপি।