নান গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ মমতার

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে নানকে গণধর্ষণের পর পাঁচ দিন কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। দায়ী করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যথর্তাকে। এ নিয়ে গতকাল মঙ্গলবার লোকসভায় তীব্র নিন্দাও জানানো হয়। এসব ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ বুধবার ঘটনা তদন্তের ভার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
মমতা টুইটারে বলেছেন, ঘটনার সংবেদনশীলতা এবং গুরুত্ব বিবেচনা করে তদন্তের ভার সিবিআইর ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ঘটনার সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। যদিও ধর্ষণের ঘটনার পর এর তদন্তের ভার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তুলে দিয়েছিল রাজ্য পুলিশের সিআইডির হাতে। কিন্তু সিআইডি পাঁচ দিনেও কোনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে আজ থেকে রানাঘাটে ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে।
আজ ইতালির কনসাল জেনারেল সিজার বিয়েলার ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন। ঘটনাস্থলে গেছেন আর্চ বিশপ ডি সুজাও। ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিসের দুই ভারতীয় প্রতিনিধি ব্যাসিলিওস কার্ডিনাল ক্লিমিস ও ফাদার জোসেফ চিন্নায়ন আজ রানাঘাটে গিয়ে সিস্টারদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা ধর্ষণের শিকার নানের সঙ্গেও কথা বলবেন।
গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাত থেকে আটজনের একটি দল স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। তারপর তারা অফিসকক্ষ থেকে ১২ লাখ টাকা লুট করে। এ সময় ওই কনভেন্ট স্কুলের উপস্থিত সিস্টাররা বাধা দিলে তাদেরও বেঁধে রাখে দুষ্কৃতকারীরা। বাধা দিতে এলে গণধর্ষণের শিকার হন ৭১ বছর বয়সী নান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।