নানা আয়োজনে চীনে মাওয়ের জন্মদিন উদযাপন
আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের ১২০তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে চীন।
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গতকাল মাও সে-তুংয়ের সমাধিসৌধে তাঁর প্রতি শ্রদ্ধা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিকিয়াংসহ কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যরা।
এ ছাড়া হুনান প্রদেশের শাওশানে মাও সে-তুংয়ের গ্রামের বাড়িতে আতশবাজির উত্সব দেখতে বুধবার রাতে জড়ো হন হাজার হাজার মানুষ। সেখানে প্রায় চার ঘণ্টা ধরে চলে আতশবাজির ঝলকানি।
তবে কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিকটির গতকালের প্রথম পাতায় মাও সে-তুংয়ের জন্মবার্ষিকীর কোনো খবর ছিল না। যদিও পত্রিকার শেষের পাতায় একটি নিবন্ধে মাও সে-তুংকে ‘মহান দেশপ্রেমিক ও বীর’ হিসেবে অভিহিত করা হয়। আর ভেতরের পাতায় একটি সম্পাদকীয়তে বলা হয়, মাও সে-তুংয়ের উত্তরসূরিদের চালু করা অর্থনৈতিক সংস্কার-প্রক্রিয়া এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই তাঁর প্রতি সর্বোচ্চ সম্মান জানানো যাবে। বিবিসি।